উপকূলে ফেরার পথে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলে উদ্ধার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১১-০৯-২০২৬ ১১:১২:১৯ পূর্বাহ্ন
আপডেট সময় :
১১-০৯-২০২৬ ১১:১২:১৯ পূর্বাহ্ন
ফাইল ছবি
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি মায়ের দোয়া’ নামে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ১৪ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফকিরঘাট অবতরণ উপকেন্দ্র এলাকা থেকে মাত্র ১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ভেসে ওঠা দুবলার চর এলাকায় এ ট্রলারডুবির ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া জেলেদের মধ্যে ১৩ জন তালতলী উপজেলার বাসিন্দা এবং ১ জন সাতক্ষীরা জেলার বাসিন্দা। তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, বুধবার উপজেলার নিদ্রা এলাকার জাফর মিয়ার মালিকানাধীন ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারটি ১৪ জন জেলে নিয়ে সাগরে মাছ শিকার করতে যায়। বৃহস্পতিবার সাগরের আবহাওয়া খারাপ হলে উত্তাল ঢেউয়ে জেলেরা ট্রলার নিয়ে উপকূলে ফিরতে শুরু করেন। এ সময় ফকিরঘাট মৎস্য অবতরণ উপকেন্দ্র থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ে ট্রলারটি উলটে ডুবে যায়।
ট্রলারডুবির খবর পেয়ে ফকিরঘাট মৎস্য অবতরণ কেন্দ্র ও স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। রাত ১০টার দিকে সাগরে ভাসমান অবস্থায় ‘সেলিম মাঝির’ ট্রলারের সহায়তায় ১৪ জেলেকেই উদ্ধার করা হয়। পরে তারা ওই ট্রলারে নিরাপদে অবস্থান নেন। তবে উদ্ধার হওয়া জেলেরা এখনো উপকূলে ফিরে আসেননি।
উদ্ধারকারী ট্রলারের মাঝি রাজু মিয়া বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং রাত ১০টার দিকে সাগরে ভাসতে থাকা ১৪ জেলেকেই অক্ষত অবস্থায় উদ্ধার করি। তবে সাগর উত্তাল থাকায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।
ফকিরঘাট মৎস্য অবতরণ কেন্দ্রের মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মো. মজিবর ফরাজী বলেন, সাগর উত্তাল থাকায় ফকিরঘাট মৎস্য অবতরণ কেন্দ্রে ফেরার পথে ট্রলারটি ডুবে যায়। খবর পাওয়ার পরপরই ঘাটে থাকা জেলেদের ট্রলার পাঠিয়ে তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, ট্রলারডুবির ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। বঙ্গোপসাগরে উদ্ধারকারী ট্রলারে সব জেলে বর্তমানে নিরাপদে আছেন এবং তাদের দ্রুত উপকূলে ফিরিয়ে আনা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকৃত জেলেদের সহায়তায় শুকনো খাবার ও চাল বিতরণ করা হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স