মহাখালী টার্মিনালের সামনে সড়ক অবরোধে মালিক-পরিবহন শ্রমিকরা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১০-০৯-২০২৬ ০৬:০১:২৮ অপরাহ্ন
আপডেট সময় :
১০-০৯-২০২৬ ০৬:৫৪:১৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
রাজধানীর মহাখালী বাস টার্মিনালের সামনে অবৈধভাবে পার্ক করা বাস সরিয়ে দেওয়াকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে টার্মিনালের সামনে সড়কের উভয় পাশে অবস্থান নিয়ে তারা যান চলাচল বন্ধ করে দেন।
শ্রমিকদের অবরোধের কারণে মহাখালী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন এসব সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা। এর প্রভাব আশপাশের সড়কেও ছড়িয়ে পড়ে। যানজট বনানী, গুলশান, তেজগাঁও ও সাতরাস্তা এলাকায়ও পৌঁছে যায়। এতে এসব সড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করতে দেখা যায়।
মহাখালী এলাকায় কর্তব্যরত পুলিশের সার্জেন্ট বেলাল হোসেন বলেন, ‘মহাখালী টার্মিনালের সামনে দুই পাশ বন্ধ করে রেখেছেন শ্রমিকরা। এ কারণে পুরো এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।’
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান বলেন, অবৈধভাবে পার্ক করা বাস সরিয়ে দেওয়াকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।
সম্প্রতি মহাখালীতে অলস পড়ে থাকা বাস পূর্বাচলে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে পুলিশ। এ নিয়ে মালিক ও শ্রমিকদের মধ্যে অসন্তোষ রয়েছে।
নিজেকে বাসচালক পরিচয় দিয়ে কামরুল হাসান নামে এক বাসচালক বলেন, ‘টার্মিনালের বাইরে গাড়ি পাইলেই পুলিশ ডাম্পিং করতেছে, রেকার বিল ধরিয়ে দিচ্ছে।’
তার ভাষ্য, পূর্বাচলে যেখানে তাদের বাস রাখতে বলা হচ্ছে, সেখানে যথাযথ নিরাপত্তা নেই। তিনি বলেন, ‘সেখান থেকে গাড়ির ব্যাটারি পর্যন্ত চোর নিয়ে যাচ্ছে। আমরা এ হয়রানি থেকে মুক্তি চাই। এসবের সুরাহা না হলে আমরা অবরোধ সরাব না।’
বাসচালকরা সড়কের ওপর আড়াআড়ি কয়েকটি বাস রেখে যান চলাচল বন্ধ করে দিয়েছেন।
সেখানে পুলিশের অতিরিক্ত কমিশনারের পদত্যাগ, ডাম্পিং, জরিমানা, পুলিশের হয়রানিসহ বিভিন্ন বিষয়ে শ্রমিকদের স্লোগান দিতে শোনা গেছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স