ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অবসরপ্রাপ্ত বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক: হাইকোর্ট

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৯-২০২৬ ১২:২২:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৯-২০২৬ ১২:৫৯:০৪ অপরাহ্ন
অবসরপ্রাপ্ত বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক: হাইকোর্ট ​ফাইল ছবি
অবসরের পর সুপ্রিম কোর্টের বিচারপতিদের সাধারণ পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে নতুন করে গোয়েন্দা ভেরিফিকেশন করা সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সাবেক বিচারপতি ও তাঁদের স্ত্রীদের কোনো ধরনের অতিরিক্ত পুলিশ বা গোয়েন্দা ভেরিফিকেশন ছাড়াই দ্রুত সাধারণ পাসপোর্ট ইস্যু করে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ ইমান আলীর পাসপোর্ট-সংক্রান্ত জটিলতা নিয়ে দায়ের করা এক রিট মামলার রায়ে এ পর্যবেক্ষণ দেন আদালত। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়টি প্রকাশ করা হয়েছে।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, বিচারক পদে দায়িত্ব পালনকালে রাষ্ট্র তাঁদের মর্যাদা ও পরিচয় যাচাই করেই কূটনৈতিক পাসপোর্ট দিয়ে থাকে। তাই অবসরের পর সাধারণ পাসপোর্ট পেতে তাঁদের পুনরায় গোয়েন্দা ভেরিফিকেশনের সম্মুখীন করা সম্পূর্ণ অযৌক্তিক।

মামলার বিবরণী থেকে জানা যায়, ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারক ও তাঁদের স্ত্রীরা কূটনৈতিক পাসপোর্টের অধিকারী। অবসরের পর এই পাসপোর্ট সমর্পণ করে তাঁদের সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করতে হয়।

আগে এ ক্ষেত্রে কোনো গোয়েন্দা প্রতিবেদনের প্রয়োজন হতো না। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২৪ সালের ২২ আগস্ট এক স্মারকে শর্ত জুড়ে দেয় যে, কূটনৈতিক পাসপোর্ট সমর্পণকারী ব্যক্তিদের সাধারণ পাসপোর্ট পাওয়ার আগে দুটি গোয়েন্দা সংস্থার সন্তোষজনক প্রতিবেদন লাগবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের কারণে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ ইমান আলী তাঁর কূটনৈতিক পাসপোর্ট সমর্পণ করে ২০২৪ সালের ৩ নভেম্বর সাধারণ পাসপোর্টের আবেদন করেন। কিন্তু গোয়েন্দা ক্লিয়ারেন্স না পাওয়ার অজুহাতে তাঁকে পাসপোর্ট দেওয়া হয়নি, ফলে তিনি বিদেশভ্রমণে বাধাগ্রস্ত হন।

পরে এ ঘটনায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অনুমতিক্রমে হাইকোর্ট বিভাগের প্রটোকল অফিসার মো. রোমান ভূঁইয়া প্রশাসনিক এই বাধা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানি শেষে জারি করা রুল নিষ্পত্তি করেই হাইকোর্ট যুগান্তকারী এই রায় দিলেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ