ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়তে সরকার কাজ করছে: রেল প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৬:০০:১০ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৬:০০:১০ অপরাহ্ন
​যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়তে সরকার কাজ করছে: রেল প্রতিমন্ত্রী ​ছবি: সংগৃহীত
রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, শিক্ষা মানুষের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের মূল উপাদান। এই মহান আদর্শকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে। শিক্ষায় বিনিয়োগ কোনো ব্যয় বা অপচয় নয়, বরং এই বিনিয়োগই ভবিষ্যতের ভিত্তি।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর গোড়ান-খিলগাঁও এলাকার শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি আশরাফ উদ্দিন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

হাবিবুর রশিদ হাবিব বলেন, আজ তোমাদের যে সম্মাননা দেওয়া হচ্ছে, তা শুধু একটি পুরস্কার নয়। তোমাদের পরিশ্রম, মেধা ও প্রজ্ঞার স্বীকৃতি, তোমাদের ভবিষ্যতের প্রস্তুতি।

তিনি বলেন, মেধাবী হলেই চলবে না, শুধু ভালো ফলাফল করাটাই জীবনের চূড়ান্ত সাফল্য নয়। মেধা মানুষকে এগিয়ে দেয় কিন্তু সততা, মানবিকতা, নৈতিক মূল্যবোধ মানুষকে সত্যিকারের মহান করে তোলে। তাই ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। জ্ঞান অর্জনের পাশাপাশি বিনয়, সহমর্মিতা, দায়িত্ববোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, জীবনে সফল হতে হলে প্রথমেই লক্ষ্য নির্ধারণ করতে হবে। এরপর সেই লক্ষ্যে পৌঁছাতে অধ্যবসায় ও কঠোর পরিশ্রম করতে হবে। কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত হাল ছাড়া যাবে না।

বর্তমান সরকারের শিক্ষা খাতের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বাজেটে মোট জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে, যা ক্রমান্বয়ে ৫ শতাংশে বৃদ্ধি করা হবে। প্রযুক্তিনির্ভর দক্ষ জনগোষ্ঠী বিনির্মাণে দেশে ১০ হাজার ৩৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০ হাজার ৬৮০টি মাল্টিমিডিয়া ক্লাসরুমের কাজ চলমান রয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব বিতরণ এবং ১৯ হাজার মাধ্যমিক স্কুলছাত্রীর মধ্যে পিঙ্ক কালারের সাইকেল বিতরণ বিবেচনাধীন রয়েছে। আগামী বছরের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিল বা দুপুরের খাবারের ব্যবস্থা করা হবে।

শিক্ষকদের বিষয়ে হাবিবুর রশিদ হাবিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য হচ্ছে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ও অগ্রগতির মূল চালিকাশক্তি, জাতির বিবেক আমাদের শ্রদ্ধেয় শিক্ষক সমাজকে সম্মানিত এবং তাদের অবদানকে স্মরণীয় করা। তাদের স্বীকৃতি দিতে এবং ভালো কাজে উৎসাহিত করতে ইতোমধ্যে ১০০ জন শিক্ষককে ১ লাখ টাকা করে সম্মাননা ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ