ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শুধু ভেনিস ইস্যু না, এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন: মম

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ০৬:১২:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ০৬:১২:০৩ অপরাহ্ন
শুধু ভেনিস ইস্যু না, এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন: মম ​বাঁধনের সঙ্গে মম (ডানে)। ছবি: সংগৃহীত
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে প্রকাশ্যে হেনস্তার ঘটনায় প্রতিবাদ জানিয়ে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। তার ভাষ্য, নানা ধরনের সামাজিক অস্থিরতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনার ধারাবাহিকতা দেশকে একটি ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বাঁধনকে হেনস্তার একটি ভিডিও শেয়ার করেন মম। সেখানে ঘটনার প্রতি ঘৃণা ও ক্ষোভ প্রকাশের পর দেশের চলমান বিভিন্ন বিষয় নিয়ে আলাদা একটি পোস্ট দেন তিনি।

দীর্ঘ ওই পোস্টে সমাজের নানা অনিয়ম ও অসঙ্গতির কথা তুলে ধরেন অভিনেত্রী। মাদ্রাসায় যৌন হয়রানি, ভিন্নমত ও ধর্মের মানুষের ওপর নির্যাতন, রাজনৈতিক দলের প্রতি অন্ধ আনুগত্য, খুন-সন্ত্রাস, শিশু নিখোঁজ, ধর্ষণ, শিক্ষিত বেকারত্ব এবং নারীর প্রতি অসম্মানের মতো বিষয়গুলো নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

শুধু সামাজিক অপরাধ নয়, শিল্প-সংস্কৃতি ও দেশের ইতিহাস নিয়েও বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন মম। তার পোস্টে মাজার উচ্ছেদ, মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান, ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা বা মুরাল ভাঙা, সিনেমা প্রদর্শন বন্ধের দাবি, নাচ-গান-শিল্প-সাহিত্যের ওপর বিধিনিষেধ এবং নৌকা বাইচ নিষিদ্ধ করার মতো প্রসঙ্গ উঠে আসে।

এছাড়া ধর্মকে কেন্দ্র করে রাজনীতি, সাধারণ মানুষের আবেগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার, বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তি, গ্যাস সংকট এবং নাগরিক নিরাপত্তাহীনতার কথাও উল্লেখ করেন তিনি।

মম লিখেছেন, ‘আরো এমন যত সব অযাচিত ঘটনা; যার কোনটাই দেশ এবং আমাদের জন্য ভালো হচ্ছে না। আমরা সাধারণ মানুষ প্রতারিত হয়েছি এবং হচ্ছি, আর এমন অবস্থা চলছে যেন গৃহযুদ্ধ আসন্ন।’

নিজের বক্তব্যের ব্যাখ্যায় একটি বিষয়ও স্পষ্ট করেছেন এই অভিনেত্রী। তার মতে, অন্য কেউ অন্যায় করলেও সেটি নিজের অন্যায়কে বৈধতা দেয় না। পোস্টে তিনি লেখেন, ‘অন্য কেউ খারাপ কাজ করেছে তাই বলে আমার খারাপ কাজটা জাস্টিফাইড হয় না।’

রাজনীতির সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে মম বলেন, দেশের স্বাভাবিক ও সুস্থ পরিবেশই তার প্রত্যাশা। তার ভাষায়, ‘আমি কোন রাজনৈতিক দল করি না, আমার একটাই দল বাংলাদেশ। এ দেশটা সুস্থ থাকুক সেটাই চাই।’

এদিকে ভেনিসে বাঁধনকে হেনস্তার ঘটনায় এরই মধ্যে দেশের বিনোদন অঙ্গনের একাধিক তারকা প্রতিবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা। এর মধ্যেই মমের দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে দেয়া পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ