ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় ওয়ার্ড বিএনপির সভাপতিকে প্রকাশ্যে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ০৭:৫০:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ০৮:০৬:২১ অপরাহ্ন
পাবনায় ওয়ার্ড বিএনপির সভাপতিকে প্রকাশ্যে গুলি করে হত্যা ​ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়দের ভিড়। ইনসেটে নিহত আদম আলী। ছবি: সংগৃহীত
পাবনার আটঘরিয়ায় একদন্ত ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি আদম আলী মেম্বারকে (৬০) প্রকাশ্য দিবালোকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল চারটার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের চন্ডিপাশা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আদম আলী ষাটগাছা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি শাটগাছা গ্রামের বাসিন্দা এবং একদন্ত ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার ছিল আটঘরিয়া উপজেলার একদন্ত হাটবার। আদম আলী দুপুরে হাটে যান এবং হাটের কাজ শেষ করে বিকাল ৪টার দিকে বাড়ি ফেরার পথে চন্ডিপাশা গ্রামে পৌঁছলে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে এবং খুব কাছ থেকে কয়েক রাউন্ড গুলি করে। পরে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে বীরদর্পে স্থান ত্যাগ করে দুর্বৃত্তরা।

খবর পেয়ে আটঘরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আটঘরিয়া থানার ওসি মো. নাজমুল হক জানান, খবর পেয়ে স্থানীয়রা পুলিশে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন। 

এদিকে পুলিশের সূত্র জানায়, সম্প্রতি একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামের নায়েব আলীর মেয়ে স্বামী পরিত্যক্তা তমা ধর্ষণের পর হত্যার শিকার হন। চাঞ্চল্যকর তমা হত্যা মামলার প্রধান আসামি ছিলেন আদম আলী। এছাড়া তার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা রয়েছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ