অক্টোবরে তেল উৎপাদন বাড়াচ্ছে না ওপেক প্লাসের ৭ দেশ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৭-০৯-২০২৬ ১২:১০:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৯-২০২৬ ১২:১০:০৯ অপরাহ্ন
ফাইল ছবি
বিশ্ব তেলের বাজারে অনিশ্চয়তা বাড়লেও অক্টোবর মাসে তেল উৎপাদনের নির্ধারিত মাত্রা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাসের সাতটি দেশ। দেশগুলো হলো সৌদি আরব, রাশিয়া, ইরাক, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া ও ওমান।
ফলে সেপ্টেম্বরের মতো অক্টোবরেও এসব দেশ নির্ধারিত মাত্রায় তেল উৎপাদন করবে। পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের কারণে বিশ্ব তেলের বাজারে অনিশ্চয়তা তৈরি হলেও আপাতত উৎপাদন বাড়ানো বা কমানোর পথে যাচ্ছে না দেশগুলো। রবিবার অনলাইনে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বিশ্ব তেলের বাজারের বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন সাত দেশের প্রতিনিধিরা।
বৈঠকের পর এক বিবৃতিতে বিষয়টি জানায় তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক- জানিয়েছে এএনআই।
ওপেক জানিয়েছে, ২০২৩ সালের এপ্রিল ও নভেম্বরে সাতটি দেশ অতিরিক্ত স্বেচ্ছায় তেল উৎপাদন সমন্বয়ের ঘোষণা দিয়েছিল। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় উৎপাদনের মাত্রা নির্ধারণ করা হয়েছে। ৬ সেপ্টেম্বর অনলাইনে বৈঠকে বসে সাত দেশ।
সেখানে বিশ্ব তেলের বাজারের পরিস্থিতি পর্যালোচনা করে তারা অক্টোবরের জন্য সেপ্টেম্বরের নির্ধারিত উৎপাদনসীমাই বহাল রাখার সিদ্ধান্ত নেয়। ওপেকের বিবৃতিতে বলা হয়, অক্টোবর ২০২৬-এর জন্য সেপ্টেম্বর ২০২৬-এ নির্ধারিত উৎপাদনের মাত্রা বজায় রাখা হবে।
ওপেকের প্রকাশ করা তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে সাত দেশের জন্য প্রতিদিনের নির্ধারিত উৎপাদনসীমা হলো-
রাশিয়া : প্রতিদিন ৯৯ লাখ ৪৯ হাজার ব্যারেল
সৌদি আরব : প্রতিদিন ১ কোটি ৪ লাখ ৭৮ হাজার ব্যারেল
ইরাক : প্রতিদিন ৪৪ লাখ ৩১ হাজার ব্যারেল
কুয়েত : প্রতিদিন ২৬ লাখ ৭৬ হাজার ব্যারেল
কাজাখস্তান : প্রতিদিন ১৬ লাখ ২৮ হাজার ব্যারেল
আলজেরিয়া : প্রতিদিন ১০ লাখ ৭ হাজার ব্যারেল
ওমান : প্রতিদিন ৮ লাখ ৪১ হাজার ব্যারেল
ওপেকের তথ্য অনুযায়ী, ক্ষতিপূরণমূলক উৎপাদন বাদ দিলে অক্টোবর মাসে ওপেকের সম্মিলিত উৎপাদনসীমা থাকবে প্রতিদিন ৩ কোটি ১০ লাখ ১০ হাজার ব্যারেল। সাত দেশ জানিয়েছে, তারা ওপেক প্লাসের বৃহত্তর সহযোগিতা ঘোষণার আওতায় করা উৎপাদনসংক্রান্ত চুক্তি মেনে চলবে। দেশগুলো নিজেদের নির্ধারিত উৎপাদনসীমার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার প্রতিশ্রুতিও আবার জানিয়েছে।
ওপেকের ভাষ্য, সাত দেশ সহযোগিতা ঘোষণার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্য রেখে উৎপাদন কার্যক্রম চালানোর সম্মিলিত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
সর্বশেষ সিদ্ধান্তের ফলে আরো এক মাস সাত দেশের বর্তমান উৎপাদন কাঠামো অপরিবর্তিত থাকবে। তবে বিশ্ব তেলের বাজারে কোনো বড় পরিবর্তন হলে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে। এ জন্য বাজারের অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করবে সাত দেশ। ওপেক জানিয়েছে, বিশ্ব তেলের বাজারের পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্ভাবনা পর্যালোচনার জন্য তারা প্রতি মাসে বৈঠক করবে। পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর। ওই বৈঠকে বিশ্ববাজারের পরিস্থিতি এবং তেল উৎপাদনের বর্তমান মাত্রা আবারও পর্যালোচনা করা হবে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স