বিদেশ ভ্রমণে ডলার খরচের সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৬-০৯-২০২৬ ০৭:১১:০১ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০৯-২০২৬ ০৭:১১:০১ অপরাহ্ন
বিদেশ ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যয়ের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক বছরে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে পারবেন। এত দিন এ সীমা ছিল ১২ হাজার ডলার।
রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব অনুমোদিত ডিলারকে বিষয়টি জানিয়েছে।
সার্কুলারে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রার প্রকৃত চাহিদা মেটানো এবং আন্তর্জাতিক ভ্রমণের ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের বা এনডোর্সমেন্ট সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অপ্রাপ্তবয়স্কদের সীমা আগের মতো
প্রাপ্তবয়স্কদের জন্য বৈদেশিক মুদ্রা ব্যয়ের সীমা বাড়ানো হলেও অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি। ১২ বছরের কম বয়সী যাত্রীরা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত সীমার সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ পাবেন।
অর্থাৎ নতুন নিয়মে প্রাপ্তবয়স্কদের বার্ষিক সীমা ১৮ হাজার ডলার হওয়ায় ১২ বছরের কম বয়সীদের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা হবে ৯ হাজার ডলার।
নগদ ডলার বহনে সীমা ৫ হাজার
নতুন নির্দেশনায় নগদ মার্কিন ডলার বহনের ক্ষেত্রেও সীমা নির্ধারণ করা হয়েছে। অনুমোদিত বার্ষিক সীমার মধ্যে একজন যাত্রী সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলারের নোট নগদ সঙ্গে রাখতে পারবেন।
অর্থাৎ কেউ বছরে ১৮ হাজার ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ পেলেও পুরো অর্থ নগদ ডলার হিসেবে বহন করতে পারবেন না। অবশিষ্ট অর্থ কার্ডসহ অন্যান্য বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ব্যবহার করতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদেশ ভ্রমণের জন্য বৈদেশিক মুদ্রা অবমুক্তকরণের অন্যান্য নিয়ম ও নির্দেশনা আগের মতোই বহাল থাকবে। নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ড. মো. আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত সার্কুলারে অনুমোদিত ডিলার ও সংশ্লিষ্ট গ্রাহকদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স