ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৬-০৯-২০২৬ ০৪:২২:২২ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৯-২০২৬ ০৬:০৫:৩৮ অপরাহ্ন
​দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা ​ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতনে একটি ছয়তলা ভবন ধসে পড়েছে। এতে বেশ কয়েকজনের আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

সরকারের এক প্রতিনিধি জানিয়েছেন, ধসে পড়া ভবন থেকে এখন পর্যন্ত ছয়জনকে উদ্ধার করা হয়েছে। তবে দিল্লি পুলিশ বলেছে, তাদের কাছে দুজনকে উদ্ধারের তথ্য রয়েছে। কতজন ভবনের ভেতরে আটকা পড়েছেন, সে বিষয়ে পুলিশ এখনো কোনো সংখ্যা জানায়নি।

দুপুর সাড়ে ১টার দিকে ভবনটি ধসে পড়ে। ভবনটি শিক্ষার্থীদের পেইং গেস্ট থাকার জায়গা হিসেবে ব্যবহৃত হতো।

এক প্রত্যক্ষদর্শীর দাবি, ভবন ধসের সময় সেখানে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন। রোববার ছুটির দিন হওয়ায় তাদের বেশিরভাগই ভবনের ভেতরে ছিলেন বলে জানান তিনি।

ঘটনাস্থলে থাকা এক শিক্ষার্থী সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ধ্বংসস্তূপের নিচ থেকে তিনি সাহায্যের জন্য মানুষের চিৎকার শুনেছেন। আরেক প্রত্যক্ষদর্শী জানান, ভবনটি পুরুষ শিক্ষার্থীদের থাকার জন্য ব্যবহৃত ‘হোস্টেল ডেজ’ নামের একটি পিজি।

ভবন ধসের পর ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। উদ্ধারকর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা ধ্বংসস্তূপ সরাতে হাত দিয়ে চেষ্টা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে যোগ দেন।

দিল্লি পুলিশ জানিয়েছে, স্থানীয় পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার বিভিন্ন দল ঘটনাস্থলে কাজ করছে। অন্তত ১২টি ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে পাঠানো হয়েছে। ধ্বংসস্তূপ সরাতে একটি খননযন্ত্র ব্যবহার করা হচ্ছে এবং আরও যন্ত্রপাতি আনা হচ্ছে। দুর্যোগ মোকাবিলা দলের সদস্যরাও উদ্ধারকাজে যুক্ত হয়েছেন।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এক বিবৃতিতে ভবন ধসে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাশের ভবনটি খালি করা হয়েছে। আটকে পড়াদের নিরাপদে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হচ্ছে।

ঘটনাস্থলে থাকা স্থানীয় বিজেপি বিধায়ক অনিল শর্মা জানান, ধ্বংসস্তূপের নিচে থাকা কয়েকজন শিক্ষার্থী ফোনও করছেন। তাঁর ভাষ্য, ‘ভবনের ভেতরে আরও মানুষ আটকে থাকতে পারেন।’ উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে অবস্থিত সত্য নিকেতন এলাকায় শিক্ষার্থীদের বসবাস বেশি। ভবন ধসের পর সেখানে বিভিন্ন শিক্ষার্থী সংগঠনের সদস্যরাও উদ্ধারকাজে সহায়তা করতে উপস্থিত হয়েছেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ