ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৪-০৯-২০২৬ ০৫:৪৬:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০৯-২০২৬ ০৫:৪৬:৪৯ অপরাহ্ন
ফাইল ছবি
ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার আগামী তিন মাসের জন্য অবরুদ্ধ বা ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির স্পনসর শেয়ারহোল্ডার প্রতিষ্ঠান ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর (আইইআরবি) করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) আইনজীবী শিশির মনির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আদালতের আদেশের লিখিত অনুলিপি প্রকাশ করা হয়েছে।
এর আগে গত ৩০ আগস্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি কে. এম. কামরুল কাদের এবং বিচারপতি মো. লুৎফর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এসংক্রান্ত রুল জারি করেন।
রিটকারীর পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট মোহাম্মদ সাদ্দাম হোসেন।
রিটে অভিযোগ করা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১৪ক ও ১৪খ ধারার বিধান লঙ্ঘন করে ২৪টি কোম্পানির মাধ্যমে ইসলামী ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার কেন্দ্রীভূত করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তা এবং আইন অনুযায়ী ওই শেয়ার বাজেয়াপ্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না—রুলে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
আইন অনুযায়ী, কোনও ব্যক্তি, একই পরিবার বা একই গ্রুপের নিয়ন্ত্রণে একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার থাকার সুযোগ নেই। রিটে দাবি করা হয়েছে, এই বিধান উপেক্ষা করে এস আলম-সংশ্লিষ্ট ২৪টি কোম্পানি ইসলামী ব্যাংকের প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার হিসেবে মোট ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ধারণ করছে।
রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট জানতে চেয়েছেন, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১৪ক(৩) অনুযায়ী আইনসীমার অতিরিক্ত শেয়ার বাজেয়াপ্ত করতে বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না।
রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন আদেশে ওই ২৪টি কোম্পানির নামে থাকা ইসলামী ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার তিন মাসের জন্য ফ্রিজ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত বছর ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার, পরিচালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব অবরুদ্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
একই আদেশে এসব শেয়ারহোল্ডার ও পরিচালকের আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স