শরীয়তপুরে আবাসিক হোটেলে আগুন, ছাদে উঠে প্রাণে রক্ষা পেলেন ১৭ জন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৪-০৯-২০২৬ ০২:৫৮:১৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০৯-২০২৬ ০২:৫৮:১৪ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
শরীয়তপুর সদর উপজেলায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ভয়াবহতা থেকে প্রাণ বাঁচাতে ভবনের ছাদে উঠে আশ্রয় নেন হোটেলে থাকা ১৭ জন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় তাদের নিরাপদে উদ্ধার করা হয়। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। আগুনে হোটেলের নিচতলার পার্কিংয়ে থাকা ১২টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার সম্পূর্ণ পুড়ে গেছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন নুর হোটেল ইন্টারন্যাশনাল-এর ছয়তলা ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে হোটেল ভবনের নিচতলার পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে গাড়িটির একটি চাকা বিস্ফোরিত হয়। এরপর গাড়ির ভেতরে থাকা সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে আগুন পার্কিং এলাকা থেকে পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
এ সময় হোটেলের ভেতরে ১৭ জন অবস্থান করছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নিরাপদ আশ্রয়ের জন্য তারা ভবনের ছাদে উঠে যান। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন।
পরে শরীয়তপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ভবনের ছাদে আটকে থাকা ১৭ জনকেও নিরাপদে উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে পাঁচজন আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
অগ্নিকাণ্ডে হোটেলের নিচতলার পার্কিংয়ে থাকা ১২টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার সম্পূর্ণ পুড়ে গেছে। তবে আগুনে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী আলিম কাজী বলেন, নিচের পার্কিংয়ে থাকা গাড়িটি থেকে কোনোভাবে আগুনের সূত্রপাত হয়। প্রথমে চাকা বিস্ফোরিত হলে আমরা দূরে সরে যাই। কিছুক্ষণ পর বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হলে পুরো বিল্ডিং কেঁপে ওঠে। এরপরই আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। উপরে থাকা কয়েকজন মানুষ আটকা পড়েছিলেন। তারা ওপরের দরজা ভেঙে ছাদে চলে যান। পরে ফোন দিলে ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে।
পালং মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুধাংশু সরকার বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করে। পরে ভবনের ওপর থেকে আটকে থাকা সবাইকে নিরাপদে বের করে আনা হয়। তবে নিচে থাকা ১২টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে।
শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর শংকর বিশ্বাস বলেন, আনুমানিক রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে হোটেলের নিচের পার্কিং এলাকায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। আগুনের তীব্রতা বেশি থাকায় প্রথমে ভবনের ওপরের অংশে পৌঁছানো সম্ভব হচ্ছিল না। পরে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ছাদে আটকে থাকা ১৭ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে পাঁচজন আহত হয়েছেন। তাদের শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স