সংসদে না থাকায় এমপি নজরুলের প্রশ্ন বাতিল, স্পিকারের রসিকতা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৩-০৯-২০২৬ ০৭:২২:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৯-২০২৬ ০৭:৩১:১৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
স্পিকারের আহ্বানে সাড়া দিতে সংসদে উপস্থিত ছিলেন না বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম (গাজী নজরুল ইসলাম)। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে উত্থাপনের জন্য নির্ধারিত তারকা চিহ্নিত প্রশ্নটি আর উত্থাপিত হয়নি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অধিবেশনের নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জি এম নজরুল ইসলামের নাম ধরে তার প্রশ্ন উত্থাপনের আহ্বান জানান। তবে মাইক্রোফোনে নাম ডাকার পর ফ্লোরের দিকে তাকিয়ে স্পিকার দেখতে পান, সংশ্লিষ্ট সংসদ সদস্য তার আসনে নেই।
এ সময় তাৎক্ষণিকভাবে হাস্যরসের সুরে স্পিকার বলেন, ‘জি এম তো নাই।’ স্পিকারের এ মন্তব্যে সংসদ কক্ষে হালকা হাসির পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত সংসদ সদস্যদের অনেককেই এ সময় হাসতে দেখা যায়।
সংসদ সদস্য অনুপস্থিত থাকায় নিয়ম অনুযায়ী তার প্রশ্নটি আর উত্থাপন ও আলোচনার সুযোগ হয়নি।
জি এম নজরুল ইসলামের প্রশ্নটি ছিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর উদ্দেশে। লিখিত প্রশ্নে তিনি জানতে চেয়েছিলেন, বর্তমানে দেশে শ্রম আদালতের সংখ্যা কত, এসব আদালত কোথায় অবস্থিত, আদালতগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা কত এবং মামলার দীর্ঘসূত্রতা কমিয়ে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে।
তবে প্রশ্নকর্তা সংসদে উপস্থিত না থাকলেও প্রশ্নটির বিপরীতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রস্তুত করা লিখিত জবাবে দেশের শ্রম আদালতসংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।
মন্ত্রীর লিখিত জবাব অনুযায়ী, বর্তমানে দেশে একটি শ্রম আপিল ট্রাইব্যুনাল এবং ১৪টি শ্রম আদালতসহ মোট ১৫টি শ্রম আদালত কার্যকর রয়েছে। এসব আদালত ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর ও ময়মনসিংহ জেলায় অবস্থিত।
প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের অনুপস্থিতি কিংবা প্রশ্ন উত্থাপনে ব্যর্থতার ঘটনা সংসদীয় কার্যক্রমে নতুন নয়। তবে জি এম নজরুল ইসলামের অনুপস্থিতি নিয়ে স্পিকারের তাৎক্ষণিক রসিক মন্তব্যের কারণে বিষয়টি অধিবেশনে উপস্থিত সদস্যদের মধ্যে হাস্যরসের সৃষ্টি করে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স