ভিডিও ভাইরাল
হাসপাতালে অসুস্থ বাবার কাছ থেকে জমির দলিলে সই নেওয়ার চেষ্টা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৩-০৯-২০২৬ ০৩:৩৯:০৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৯-২০২৬ ০৩:৩৯:০৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
হাসপাতালে চিকিৎসাধীন এক অসুস্থ বৃদ্ধ বাবার কাছ থেকে জমিসংক্রান্ত নথিতে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার মেয়ের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, হাসপাতালের একটি বেডে বসে আছেন শারীরিকভাবে দুর্বল এক বৃদ্ধ। এ সময় এক নারী তার সামনে জমিসংক্রান্ত একটি কাগজ ধরে তাতে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করছেন। ভিডিও ধারণকারী ব্যক্তির দাবি, ওই নারী বৃদ্ধের মেয়ে।
ভিডিওতে আরও দেখা যায়, হাসপাতালের বেডে থাকা বৃদ্ধের মেয়ের কাছে জমির দলিল নিয়ে হাসপাতালে আসার কারণ জানতে চান ভিডিও ধারণকারী নারী। এ নিয়ে দুজনের মধ্যে কথোপকথনও হয়। একপর্যায়ে ওই নারীকে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে বলতেও শোনা যায়।
ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই অসুস্থ ও শয্যাশায়ী একজন ব্যক্তির কাছ থেকে সম্পত্তিসংক্রান্ত কাগজে স্বাক্ষর নেওয়ার উদ্যোগকে অনৈতিক ও অমানবিক বলে মন্তব্য করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, বৃদ্ধের শারীরিক অসুস্থতার সুযোগ নিয়ে তার সম্পত্তি হস্তান্তর বা লিখে নেওয়ার কোনো চেষ্টা করা হয়েছিল কি না। তবে ভাইরাল ভিডিওতে দেখা ঘটনাকে কেন্দ্র করে ওঠা এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির উৎস, ধারণের স্থান, এতে থাকা ব্যক্তিদের পরিচয় এবং দলিলে কোন ধরনের সম্পত্তি হস্তান্তরের বিষয় ছিল, সে সম্পর্কে এখনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তাই ভিডিওতে উত্থাপিত অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স