ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তার দাবি, জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ১১:৩৩:৫৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ১১:৪১:৫৮ পূর্বাহ্ন
নিরাপত্তার দাবি, জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ ​ছবি: সংগৃহীত
মহাসড়কে চালক ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করেছে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকামুখী কোনো বাস ছেড়ে না যাওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

মহাসড়কে চালক ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা পথে বাস চলাচল বন্ধ করে দিয়েছে জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ গণমাধ্যমকে বলেন, বুধবার (২ সেপ্টেম্বর) রাতে জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার পথে কোনো বাস চলাচল করছে না।

বৃহস্পতিবার সকালে জেলা শহরের পৌর বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, সেখান থেকে ঢাকার পথের বাসগুলো দাঁড়িয়ে আছে। তারা কোনো যাত্রী তুলছেন না। এতে অনেকেই ভোগান্তির মধ্যে পড়েছেন। তবে অভ্যন্তরীণ পথে বাস ও অন্যান্য যানবাহন চলাচল করছে।

হারুনুর রশিদ বলেন, গত ৩১ আগস্ট রাতে সদর উপজেলার লাহেরীকান্দা এলাকায় রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

তিনি বলেন, “এর জের ধরে বুধবার সকালে সদর উপজেলার নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দুটি বাস আটকে ভাঙচুর চালায় একদল লোক। এ সময় বাসের চালক ও চালকের সহযোগীদের মারধর করা হয় এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার হয়।”

তিনি বলেন, এই ঘটনার পর শ্রমিকদের মধ্যে তীব্র নিরাপত্তাহীনতা ও ক্ষোভ তৈরি হয়েছে বলে তারা বাস চলাচল বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে বাসে হামলা, ভাঙচুর ও শ্রমিকদের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ