ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ইতিবাচক বার্তা ঢাকার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৪:৩১:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৪:৩২:৫৬ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ইতিবাচক বার্তা ঢাকার ​ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও ভারত— দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারেক রহমান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ কথা জানিয়েছেন।

এর মধ্যে নয়াদিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার করতে অনুমতি না দেওয়া দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচক বার্তা বলেও মন্তব্য করেছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে হুমায়ূন কবির বলেন, বিএনপি জনগণের বিপুল জনসমর্থন নিয়ে বহুবার এই দেশ শাসন করেছে, যা ধারাবাহিকভাবে প্রমাণিত হয়েছে। জনগণ বিএনপির প্রতি গভীর টান অনুভব করে বলেই বারবার আমাদের নির্বাচিত করেছে। এটি একটি ঐতিহাসিক পার্টি। যার প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশে যেখানেই গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, তা পুনরুদ্ধারে বিএনপি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করেছে। 

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট ভারতের নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব বা এফসিসি বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকে নিয়ে একটি সেমিনার আয়োজন করেছিল। পরে দিল্লি পুলিশের বাধার কারণে শেষ পর্যন্ত সেমিনারটি বাতিল করে আয়োজকরা।

গত আগস্ট মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘দিল্লি সফর’ নিয়ে নানা খবর ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত এই মাসে তিনি দিল্লি সফরে যাননি। যদিও ভারত থেকে বারবার আগ্রহ দেখায়। দুই সরকারের মধ্যে এ নিয়ে কথা চালাচালি হয়। এবার ঢাকার পক্ষ থেকে আগের চেয়ে তুলনামূলক ইতিবাচক বার্তা এলো সফরের বিষয়ে।

এদিকে, নতুন চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনতে রাজি হয়েছে বাংলাদেশ। গত রোববার রাতে দক্ষিণ ও মধ্য এশিয়া–বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে দেশটির রাষ্ট্রদূত সার্জিও গর নিজের এক্স পোস্টে এ তথ্য জানান।

এ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কেনার পথে সরকার। বাংলাদেশকে এই অঞ্চলের এভিয়েশন হাব করার পরিকল্পনা রয়েছে সরকারের। বিমানের ৭০ থেকে ৮০টি উড়োজাহাজের প্রয়োজন রয়েছে। এ প্রয়োজনের ভিত্তিতেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনা হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং আমরা কিনতে থাকব। কোনো চাপে নয়, প্রয়োজনেই কেনা হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ