ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সমালোচনার মুখে আইয়ুব বাচ্চুর ২০ গানের প্রকল্প ‘উত্তরাধিকার’ স্থগিত

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০১-০৯-২০২৬ ১২:৪০:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৯-২০২৬ ১২:৪০:৩৬ অপরাহ্ন
সমালোচনার মুখে আইয়ুব বাচ্চুর ২০ গানের প্রকল্প ‘উত্তরাধিকার’ স্থগিত ফাইল ছবি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনার মুখে পড়ে আইয়ুব বাচ্চুর ২০ গানের প্রকল্প ‘উত্তরাধিকার’ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে প্রকাশিত গানগুলোর মধ্যে তিনটি গান ছাড়া বাকি চারটি ইউটিউব, স্পটিফাইসহ সব ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাকি ১৩টি গানও আপাতত প্রকাশ করা হবে না।

রবিবার (৩১ আগস্ট) ‘উত্তরাধিকার’ সংশ্লিষ্ট ব্যক্তিরা কয়েক দফা আলোচনা করেন। সেখানে তারা এ সিদ্ধান্ত নেন বলে জানা যায়।

গত ১৬ আগস্ট এবির জন্মদিনে শুরু হয়েছিল ‘উত্তরাধিকার’ নামের এ প্রকল্প। তবে শুরু থেকেই প্রকাশিত গানগুলো নিয়ে সমালোচনা শুরু হয়।

এমনকি এবির বেশ কিছু জনপ্রিয় গানের গীতিকার বাপ্পি খান, লতিফুল ইসলাম শিবলী ও নিয়াজ আহমেদ অংশু এক বিবৃতিতে এ প্রকল্পের সমালোচনা করেন।

‘উত্তরাধিকার’ প্রকল্পের প্রথম গান হিসেবে প্রকাশিত হয় ‘রূপালি গিটার’ । নতুন সংগীতায়োজনে গানটি গেয়েছেন বাপ্পা মজুমদার। সোনার বাংলা সার্কাস ব্যান্ড গেয়েছে ‘গতকাল রাতে’, কানিজ সুবর্ণার কণ্ঠে এসেছে ‘কষ্ট পেতে ভালোবাসি’, জয় শাহরিয়ার গেয়েছেন ‘কষ্ট কাকে বলে’, পলাশের কণ্ঠে ‘আপন কেহ নাই’, অটামনাল মুনের কণ্ঠে ‘হকার’ এবং অদিত গেয়েছেন ‘ঘুমন্ত শহরে’।

বাপ্পা মজুমদার, সোনার বাংলা সার্কাস ও পলাশের গাওয়া গান তিনটি ছাড়া বাকি গানগুলো তীব্র সমালোচনার মুখে পড়ে। গায়কির পাশাপাশি গানগুলোর নতুন সংগীতায়োজন নিয়েও প্রশ্ন তোলেন বাচ্চুভক্তরা।
 
আইয়ুব বাচ্চুর দীর্ঘদিনের সহযাত্রী ও এলআরবি সদস্য শামীম আহমেদ বলেন, ‘বস (আইয়ুব বাচ্চু) সবার কাছে একটা আবেগের ব্যাপার। তার কালজয়ী সৃষ্টির এভাবে অবমূল্যায়ন হতে পারে না, এ ব্যাপারে সবাই একমত হয়েছেন। শিগগিরই বসের পরিবারের সবার সঙ্গে কথা বলে তাদের মতামতের ভিত্তিতে একটা প্যানেল করা হবে। তারপর গানগুলো তারা সবাই ঠিকঠাক মনে করলে তখন প্রকাশ করা হবে।’

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ