ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​আ' লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৫:৪৭:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৫:৪৭:৪৯ অপরাহ্ন
​আ' লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী ​ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার দুই হাজারের বেশি মানুষকে হত্যা করেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দুই হাজারের বেশি মানুষকে হত্যা করেছে। অনেক মরদেহ গুম করা হয়েছে এবং আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে বলেও দাবি করেন তিনি।

গুমের অভিজ্ঞতা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা গুম ছিলেন, তাদের প্রতিটি মুহূর্ত মৃত্যুর আশঙ্কায় কাটাতে হয়েছে। একই সময়ে তাদের স্বজনদের কী পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে, তা ভুক্তভোগী পরিবার ছাড়া অন্য কারও পক্ষে পুরোপুরি বোঝা সম্ভব নয়।

তিনি জানান, বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী আওয়ামী লীগ সরকারের সময়ে ৭০৯ জনের গুমের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৫৫ জন ফিরে এসেছেন। এছাড়া পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়ে গুমের বিষয়ে ১ হাজার ৮৫০টি আবেদন জমা পড়েছিল।

মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে গুম-খুনের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ব্রিগেডিয়ার আজমীর মতো অনেকেই ফিরে এলেও তাদের পরিবারের সদস্যদের অনেককে আর ফিরে পাওয়া যায়নি।

জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হওয়ার কথা প্রতিবেদনে বলা হয়েছে। তবে প্রকৃত সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে বলে তিনি দাবি করেন। অনেক মরদেহ গুম ও আগুনে পুড়িয়ে ফেলার কারণে প্রকৃত হিসাব পাওয়া কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ