সংসদ ভবনের সামনে শিক্ষিকা হত্যা: মূল সন্দেহভাজন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩০-০৮-২০২৬ ০২:০৭:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০৮-২০২৬ ০২:৪১:০৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় স্কুলশিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার মূল সন্দেহভাজন মো. পনি ওরফে ‘প্যারা পনি’কে গ্রেপ্তার করেছে র্যাব-২। এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন বলে জানা গেছে।
এর আগে চোখের চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় এসে রাজধানীর সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারান প্রধান শিক্ষিকা রনজিলা পারভীন। মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তাঁর হাতে থাকা ব্যাগটি টান দিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত শিক্ষিকার স্বামী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।
রনজিলা পারভীন বগুড়ার বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। তিনি বগুড়ার গাবতলী উপজেলার সোনাকানিয়া গ্রামের ময়েজ উদ্দিন সরকারের মেয়ে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স