মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বন্টন নিয়ে রিট
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩০-০৮-২০২৬ ০১:৫৪:২৬ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০৮-২০২৬ ০২:০৯:১৭ অপরাহ্ন
ফাইল ছবি
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন জাতীয় সংসদের ১১ এমপি। রোববার (৩০ আগস্ট) রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এ রিটে মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদি করা হয়েছে।
শিশির মনির জানান, ২০০১ সালেও একইভাবে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছিল। ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সে সময় রিট আবেদন করা হলে হাইকোর্ট বিভাগ দায়িত্ব বণ্টন সংক্রান্ত সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন।
মোহাম্মদ শিশির মনির বলেন, রুলস অব বিজনেস, বাংলাদেশের সংবিধান ও উচ্চ আদালতের রায় অনুযায়ী এ ধরনের সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং বেআইনি।
রিটকারীদের বক্তব্য, জেলা ভিত্তিক দায়িত্ব বণ্টনের এ সিদ্ধান্তের কোনো আইনগত কর্তৃত্ব রয়েছে কি না ? এটি সংবিধান ও প্রচলিত আইনকানুনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা আদালতের মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন।
রিটকারীরা হলেন, পাবনা-১ আসনের এমপি মুহাম্মদ নাজিবুর রহমান, ঢাকা-১৪ আসনের এমপি মীর আহমাদ বিন কাসেম, রংপুর-৫ আসনের এমপি মো. গোলাম রব্বানী, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি মো. নুরুল ইসলাম, চুয়াডাঙ্গা-১ আসনের এমপি মো. মাসুদ পারভেজ, যশোর-১ আসনের এমপি মুহাম্মদ আজিজুর রহমান, বাগেরহাট-২ আসনের এমপি শেখ মনজুরুল হক (রাহাদ), পটুয়াখালী-২ আসনের এমপি মো. শফিকুল ইসলাম, শেরপুর-১ আসনের এমপি মো. রাশেদুল ইসলাম রাশেদ, গাজীপুর-৪ আসনের এমপি সালাহ উদ্দিন এবং চট্টগ্রাম আসনের এমপি মোহাম্মদ জহিরুল ইসলাম।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স