ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিনা খরচে মালয়েশিয়ায় যাবে ১০ হাজার বাংলাদেশি কর্মী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ১১:১১:৪৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ১২:৪২:৪৫ অপরাহ্ন
বিনা খরচে মালয়েশিয়ায় যাবে ১০ হাজার বাংলাদেশি কর্মী ​ছবি: সংগৃহীত
সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে বা ‘জিরো কস্টে’ মালয়েশিয়ায় নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে দেশটির কর্তৃপক্ষ। বিমান ভাড়াসহ অভিবাসনসংক্রান্ত কোনো ব্যয়ই কর্মীদের বহন করতে হবে না।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খানের সঙ্গে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

তিনি জানান, সব মিলিয়ে বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া সরকার। বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এসব শ্রমিক নেওয়া হবে। আগামী সেপ্টেম্বরেই শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

প্রতিমন্ত্রী জানান, তালিকাভুক্ত কোম্পানিগুলোর মাধ্যমে মোট দুই লাখ কর্মী মালয়েশিয়ায় যাবে। এর বাইরে সম্পূর্ণ বিনা খরচে বা ‘জিরো কস্টে’ আরও ১০ হাজার শ্রমিক নেবে দেশটি। বিনা খরচে কর্মী পাঠানোর প্রক্রিয়াটিও সেপ্টেম্বরের শেষভাগ থেকেই শুরু হবে। তিনি আরও উল্লেখ করেন যে, মালয়েশিয়া বাংলাদেশে বৈদ্যুতিক যান (ইভি), সৌরবিদ্যুৎ ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে প্রায় দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে।

মালয়েশিয়ার সঙ্গে কারিগরি সহযোগিতার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশটিতে সড়ক টেকসই করতে রাবার মিশ্রিত বিটুমিন ব্যবহার করা হয়। মালয়েশিয়ার এই প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশে সড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশকে কারিগরি সহায়তা দেবে মালয়েশিয়া। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতেও বাংলাদেশকে সহযোগিতা করবে বলে জানান প্রতিমন্ত্রী।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ