ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজটে অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০২:৩৭:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০৪:০০:২২ অপরাহ্ন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের  যানজটে অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর ছবি : সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। এর মধ্যে যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়ার পথে ব্রেন স্ট্রোক ও হৃদ্‌রোগে আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকালে কুমিল্লা থেকে ঢাকায় আসার পথে যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সে নিউজ টোয়েন্টিফোরের বিশেষ প্রতিনিধি সাইফুল ইসলামের বাবা ডা. মোজাম্মেল হক (৬৯) মারা যান।

স্বজনরা জানান, ডা. মোজাম্মেল হক শুক্রবার দিবাগত রাতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। উন্নত চিকিৎসার জন্য রাত ২টার দিকে কুমিল্লা থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে নেয়া হচ্ছিল। তবে তীব্র যানজটের কারণে দীর্ঘ সময় মহাসড়কে আটকে থাকতে হয়।

সকাল ৯টার দিকে অ্যাম্বুলেন্সটি ঢাকার হাসপাতালে পৌঁছালে অসুস্থ ডা. মোজাম্মেল হককে জরুরি বিভাগে নেয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়েছে।

ডা. মোজাম্মেলের স্বজনদের দাবি, রাত ২টায় কুমিল্লা থেকে রওনা হয়ে মাত্র কয়েক ঘণ্টার পথ পাড়ি দিয়ে ঢাকায় পৌঁছাতে প্রায় সাত ঘণ্টা লেগেছে। তীব্র যানজটে আটকে না পড়লে এবং সময়মতো হাসপাতালে নেয়া সম্ভব হলে হয়তো তাকে বাঁচানো যেত।

এ দিকে শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে একই মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে যানজটে আটকে থাকা আরেকটি অ্যাম্বুলেন্সে আমিরুন্নেছা নামে এক রোগীর মৃত্যু হয়। তিনি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা।

আমিরুন্নেছার স্বজন তারেক আল হাসান জানান, শুক্রবার হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর রাত ৮টার দিকে তাকে দ্রুত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে নেয়া হয়। রাত ১১টার দিকে অ্যাম্বুলেন্সটি দাউদকান্দিতে পৌঁছালে তীব্র যানজটে আটকা পড়ে। এরপর প্রায় চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর রাত ৩টার দিকে অ্যাম্বুলেন্সের মধ্যেই আমিরুন্নেছার মৃত্যু হয়।

জানা যায়, শুক্রবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আশরিয়ারচর থেকে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। শনিবার সকাল পর্যন্ত মহাসড়কের ঢাকামুখী লেনে যানজট ছিল তীব্র। এতে প্রচণ্ড গরমের মধ্যে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ শামীম বলেন, সোনারগাঁয়ের আশরিয়ারচরে ঢাকাগামী লেনে শুক্রবার সকাল ৮টা থেকে সংস্কারকাজ শুরু হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। যানজট এখনও রয়েছে। যাত্রী ও চালকদের ভোগান্তি কমাতে হাইওয়ে পুলিশ সদস্যরা মহাসড়কে দায়িত্ব পালন করছেন।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ