ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কে তারের জটলা: বাড়ছে বিদ্যুৎস্পৃষ্টের ঝুঁকি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০১:২০:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০১:২০:২৭ অপরাহ্ন
সড়কে তারের জটলা: বাড়ছে বিদ্যুৎস্পৃষ্টের ঝুঁকি ছবি : সংগৃহীত
নরসিংদী শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ, ডিশ ক্যাবল ও ইন্টারনেটের তারের জটলা এখন নিত্যদিনের দৃশ্য। নাগরিকদের অভিযোগ, অপরিকল্পিতভাবে ঝুলে থাকা এসব তার থেকে ঘটছে দুর্ঘটনা। বৃষ্টির সময় ঝুঁকি আরও বাড়ে। এমনকি কোথাও কোথাও সড়ক বিভাজকও বিদ্যুতায়িত হয়ে পড়ার অভিযোগ রয়েছে। বারবার জানানোর পরও পৌর কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

যে দিকেই চোখ যায় তারের জটলা। বিদ্যুতের তারের পাশাপাশি ডিশ কেবল আর ইন্টারনেটের অসংখ্য তার একসঙ্গে ঝুলছে এলোমেলোভাবে।

নরসিংদী পৌরসভার দৃশ্য এটি। কোথাও তার নেমে এসেছে পথচারীদের মাথার কাছাকাছি, আবার কোথাও খুঁটিতে ঝুলে থাকা তার ছড়িয়ে পড়েছে সড়কের ওপর। নাগরিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবেই চলছে তারের জটলা। চরম অব্যবস্থাপনার পাশাপাশি নিয়ম না মেনে নতুন নতুন সংযোগ দেয়ায় পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে। বিশেষ করে বৃষ্টির সময় এসব তার নিয়ে তৈরি হয় বাড়তি আতঙ্ক। নাগরিকদের অভিযোগ, পৌরসভায় কোনোপ্রকার নাগরিক সুবিধার বিষয়ে নজর নেই কর্তৃপক্ষের।

স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘ডিশের তার, ইন্টারনেটের তার ছিঁড়ে যায়। ছিঁড়ে যাওয়ার কারণে ইজিবাইক, মোটরসাইকেল যাওয়ার পথে তারে প্যাঁচ লাগে।’

অন্য একজন বলেন, ‘দীর্ঘদিন যাবত এই এখানে যে তারগুলো আছে, এখানে বেশিরভাগ তার ইন্টারনেট এবং ডিশের। কিছুদিন পর পরই আগুন লাগে। আগুন লাগলে আমরা অনেক ভোগান্তিতে আছি এটার কারণে। অনেক টাইমে ট্রাক আইসা তারগুলো ছিঁড়া ফেলে।’

এদিকে নরসিংদী পৌরসভার প্রশাসকের কাছে এসব বিষয়ের সমাধান ও করণীয় জানতে গেলে তিনি কথা বলতে রাজি হননি। পরবর্তীতে বক্তব্য দেবেন বলেও চলে গড়িমসি।

সংশ্লিষ্ট বিষয়ে এখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি। নরসিংদী পৌরসভার বয়স ৫০ বছরেরও বেশি। আর কত দশক পার হলে এই পৌরসভার নাগরিকদের সংকট কাটবে, এমন প্রশ্ন জনমনে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ