রুফটপ সোলার: স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে চায় সরকার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৭-০৮-২০২৬ ০৫:১৪:৪৭ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০৮-২০২৬ ০৫:১৪:৪৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
সরকার জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬–২০৩০-এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশে রুফটপ সোলার সম্প্রসারণ, স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং একটি কার্যকর সোলার সেবা নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে।
এই উদ্যোগের আওতায় জেলা ও ভৌগোলিক এলাকাভিত্তিক যোগ্য সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্ত করা হবে, যারা স্থানীয় পর্যায়ে রুফটপ সোলারসহ নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি স্থাপনে প্রয়োজনীয় কারিগরি সহায়তা, বিনিয়োগ ও ব্যবসায়িক প্যাকেজ, গ্রাহকসেবা এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সুবিধা প্রদান করবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাসমূহ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সারাদেশে একযোগে সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বৃহস্পতিবার বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
এতে আরো বলা হয়, এই নতুন কাঠামোর মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, তরুণ, নারী উদ্যোক্তা এবং প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলো নবায়নযোগ্য জ্বালানি খাতে অংশগ্রহণের সুযোগ পাবেন। একই সঙ্গে স্থানীয় প্রতিষ্ঠানগুলো জাতীয় পর্যায়ের অভিজ্ঞ কোম্পানি ও বিনিয়োগকারীদের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে নিজেদের প্রযুক্তিগত, আর্থিক ও ব্যবসায়িক সক্ষমতা উন্নয়ন করতে পারবে। স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সার্ভিস প্রোভাইডার নির্বাচন করা হবে। একক প্রতিষ্ঠানের পাশাপাশি যৌথ উদ্যোগের মাধ্যমেও আবেদন ও অংশগ্রহণের সুযোগ থাকবে, যা স্থানীয় ও নতুন উদ্যোক্তাদের অভিজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ সৃষ্টি করবে।
উদ্যোগটির অন্যতম উদ্দেশ্য হলো রুফটপ সোলার খাতকে শুধু কয়েকটি বড় প্রতিষ্ঠান বা শহরকেন্দ্রিক ব্যবসার মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের প্রতিটি অঞ্চলে সম্প্রসারণ করা। এর মাধ্যমে গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের সাশ্রয়ী ও উদ্ভাবনী বিনিয়োগ ও সেবা প্যাকেজ তৈরির পাশাপাশি সার্ভিস প্রোভাইডারদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি হবে বলে মনে করে বিদ্যুৎ বিভাগ।
এছাড়া, সরকার রুফটপ সোলারে বিনিয়োগ উৎসাহিত করতে বিশেষ প্রণোদনা, কর ও শুল্ক সুবিধা, সহজ ও স্বল্পসুদে অর্থায়ন এবং নতুন ও উদ্ভাবনী উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ অর্থায়নের সুযোগ সম্প্রসারণের বিষয়েও কাজ করছে। বিশেষভাবে গ্রামীণ ও অপেক্ষাকৃত দূরবর্তী এলাকার গ্রাহক ও উদ্যোক্তাদের এই উদ্যোগে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিদ্যুৎ বিভাগ বলছে, জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬–২০৩০ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে রুফটপ সোলার থেকে ৫,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এই কৌশলপত্রের মূল লক্ষ্য হলো নিরাপদ, সাশ্রয়ী, টেকসই ও নিম্ন-কার্বন জ্বালানি ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন এবং জলবায়ু-সহনশীল উন্নয়নকে এগিয়ে নেওয়া। এই লক্ষ্য অর্জনে সারাদেশে দক্ষ জনবল, স্থানীয় উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং কার্যকর সেবা নেটওয়ার্ক গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সরকার প্রত্যাশা করে যে, এই উদ্যোগের মাধ্যমে রুফটপ সোলার দেশের জ্বালানি রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হওয়ার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, স্থানীয় বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের একটি নতুন ক্ষেত্র হিসেবে বিকশিত হবে। পঞ্চগড় থেকে পটুয়াখালী এবং কুড়িগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত দেশের সকল অঞ্চলের ব্যবসায়ী, তরুণ ও নারী উদ্যোক্তাকে নবায়নযোগ্য জ্বালানির এই ক্রমবর্ধমান বাজারের সঙ্গে সম্পৃক্ত করাই এ উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে বিদ্যুৎ বিভাগ।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স