ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​রাজধানীর বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০২:৩৭:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০২:৩৭:১৯ অপরাহ্ন
​রাজধানীর বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ ​ছবি: সংগৃহীত
রাজধানীর আমিন বাজারে জমা বর্জ্য কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনে বিনিয়োগ করতে যাচ্ছে চীন। এই বিষয়ে আগামী ২ সেপ্টেম্বর চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষর হতে পারে। বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে চীনের প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, রাজধানীর আমিন বাজারের বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগে চীনের সহযোগিতা নেওয়া হবে। এই প্রকল্পে বিনিয়োগের বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২ সেপ্টেম্বর এই বিষয়ে চুক্তি হতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকার বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করতে চীনের প্রযুক্তি ও বিনিয়োগ কাজে লাগাতে চায় বাংলাদেশ। বিশেষ করে বর্জ্যকে বোঝা হিসেবে না দেখে তা থেকে বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদনের সম্ভাবনা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এই খাতে সহযোগিতা পেলে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ হবে।

বৈঠকে রাজধানীর কড়াইল, গুলশান ও মহাখালী বস্তির উন্নয়ন নিয়েও আলোচনা হয়। এসব এলাকায় আধুনিক আবাসন ব্যবস্থা গড়ে তুলতে চীনের কাছে প্রায় ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। 

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ