ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৪:০১:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৪:০১:১৩ অপরাহ্ন
​ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি ​ছবি: সংগৃহীত
ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর পৈতৃক বাসভবন ‘কামরাঙ্গা’-তে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাসার বিদ্যুতের মেইন লাইনের তার, এসির মূল্যবান তামার তারসহ বাইরে থাকা বিভিন্ন সরঞ্জাম নিয়ে গেছে। এই ঘটনায় মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেতা নিজেই।

ফজলুর রহমান বাবু জানান, কর্মব্যস্ততার কারণে তিনি ঢাকায় থাকলেও নিয়মিত বিরতিতে ফরিদপুরের বাড়িতে যাতায়াত করেন। প্রায় ২০-২৫ দিন আগে তিনি বাড়িতে এসে অবস্থান করেছিলেন। সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফিরে বাড়িতে আলো জ্বালাতে গিয়ে দেখেন বিদ্যুৎ নেই। পরবর্তীতে পরীক্ষা করে দেখা যায়, মেইন লাইনের ক্যাবল এবং ছাদের দুটি এসির ভেতরের তার নিখুঁতভাবে কেটে নেওয়া হয়েছে। দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ফ্রিজের খাবারসহ ঘরের অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রও নষ্ট হয়ে গেছে।

আক্ষেপ প্রকাশ করে এই জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা বলেন, “প্রায় ছয়-সাত মাস আগেও একবার আমার বাড়ির বৈদ্যুতিক তার চুরি হয়েছিল। শুধু আমার বাড়িতেই নয়, আশপাশের প্রায় প্রতিটি বাড়িতেই এখন এসি, তার ও গ্যারেজের মালামাল চুরির উপদ্রব বেড়েছে। পশ্চিম আলীপুর এক সময় অত্যন্ত নিরাপদ এলাকা ছিল, কিন্তু এখন মাদকসেবীদের উৎপাতের কারণে পরিস্থিতি ভয়ংকর হয়ে উঠেছে।” তাঁর মতে, নেশার টাকা জোগাড় করতেই স্থানীয় কিছু মাদকাসক্ত এই চুরির সাথে জড়িত।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুধু বাবুর বাড়িতেই নয়, এই এলাকায় চুরির ঘটনা অস্বাভাবিক হারে বেড়েছে। এমনকি পল্লীকবি জসীমউদ্দীনের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাড়িতেও সম্প্রতি তার চুরির চেষ্টাকালে একজনকে হাতেনাতে ধরা হয়েছিল। এলাকার নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখন তীব্র আতঙ্ক বিরাজ করছে। এলাকায় পুলিশের টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান জিডির বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, “অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরির ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এর সাথে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।” 

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ