ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০১:৩৯:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০১:৪০:৫৫ অপরাহ্ন
​বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী ​ফাইল ছবি
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক কাজী জেসিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিটিভিকে একটি বিশ্বাসযোগ্য, আধুনিক ও জনআস্থার চ্যানেল হিসেবে দেখতে চান। 

মঙ্গলবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথা তুলে ধরেন জেসিন।

জেসিন জানান, আওয়ামী শাসনামলে যে প্রতিষ্ঠানটিকে সরকার দলের এবং ফ্যাসিবাদের প্রচার যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে, যে প্রতিষ্ঠানটি দর্শক হারিয়েছে, এমনকি গণ-অভ্যুত্থানের পরও কোনো পরিবর্তনের সূচনা হয়নি— সেই বিটিভিকে প্রধানমন্ত্রী একটি ক্রেডিবল চ্যানেল হিসেবে দেখতে চান।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে অতীতের কোনো সরকার যে বিষয়টি এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করেননি, তিনি (প্রধানমন্ত্রী) সেটি ভেবেছেন এবং বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন।

পোস্টে জেসিন বলেন, গণঅভ্যুত্থানের পর অনেকেই “নয়া বন্দোবস্ত, নয়া বন্দোবস্ত” বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছিলেন। কিন্তু “নয়া বন্দোবস্ত”-এর নামে শেষ পর্যন্ত আমরা কী দেখেছি, তা দেশবাসী জানেন। মুখে নয়া বন্দোবস্তের কথা না বলেও নীরবে সেই পরিবর্তনের কাজটি করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনা শুনে অভিভূত হয়েছেন জানিয়ে জেসিন বলেন, বিটিভি শুধু তার আগের জায়গায় ফিরে আসবে না—প্রধানমন্ত্রী বিটিভিকে আরও অনন্য, আধুনিক ও মর্যাদাপূর্ণ একটি জায়গায় দেখতে চান।

তিনি আরও বলেন, কাজটা কঠিন। নতুন কিছু গড়ে তোলার চেয়ে পুরোনো একটি প্রতিষ্ঠানকে নতুনভাবে গড়ে তোলা নিঃসন্দেহে সহজ নয়। তবে কাজটা আনন্দেরও। আমরা সেই লক্ষ্যেই কাজ শুরু করেছি।

সবশেষে সকলের শুভকামনা, সহযোগিতা ও দোয়া কামনা করেন বিটিভির মহাপরিচালক কাজী জেসিন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ