ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​সৌদিতে চাকরির প্রলোভনে প্রতারণা, ৫১ পাসপোর্টসহ সিআইডির জালে পাঁচ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৫:১৫:২১ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৫:১৫:২১ অপরাহ্ন
​সৌদিতে চাকরির প্রলোভনে প্রতারণা, ৫১ পাসপোর্টসহ সিআইডির জালে পাঁচ ​ছবি: সংগৃহীত
সৌদি আরবে মাসে ২ হাজার ৫০০ রিয়াল বেতনে ড্রাইভিং চাকরির শতভাগ নিশ্চয়তার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে মানবপাচার ও অভিবাসী চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের কাছ থেকে ৫১টি বাংলাদেশি পাসপোর্ট, তিনটি স্মার্টফোন ও কয়েকটি রেজিস্টার উদ্ধার করা হয়েছে।

সিআইডি জানায়, সোমবার (২৪ আগস্ট) বিকেলে রাজধানীর বনানীর সৈনিক ক্লাব এলাকায় অভিযান চালিয়ে মানবপাচার শাখার সদস্যরা তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. শামীম (৪০), মো. রুহুল আমিন (২৪), মো. হৃদয় হাসান (২৬), আবু রায়হান (২৯) ও মো. সানি মিয়া (২৫)। তারা সবাই মামলার এজাহারভুক্ত আসামি।

সিআইডি জানায়, অনলাইন বিজ্ঞাপনে সৌদি আরবে ড্রাইভিং ভিসায় মাসে ২ হাজার ৫০০ রিয়াল বেতনে চাকরির শতভাগ নিশ্চয়তার কথা বলা হয়। বিজ্ঞাপনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে ভুক্তভোগীকে বনানীর সৈনিক ক্লাব এলাকার একটি অফিসে যেতে বলা হয়। সেখানে সৌদি আরবের একটি কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ৩ লাখ ৭০ হাজার টাকার চুক্তি করা হয়।

চুক্তি অনুযায়ী বিদেশ যাওয়ার আগেই পুরো টাকা পরিশোধের কথা বলা হলে ভুক্তভোগীর কাছ থেকে বিভিন্ন সময়ে ব্যাংক ও নগদে ২ লাখ ৬৬ হাজার টাকা নেওয়া হয়। পরে প্রতিশ্রুত ড্রাইভিং ভিসার পরিবর্তে তাকে সৌদি আরবের ট্যুরিস্ট ভিসা দেওয়া হয়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী বনানী থানায় মামলা করেন।

সিআইডি জানায়, প্রাথমিক তদন্তে একই কৌশলে আরও কয়েকজনের কাছ থেকে প্রায় ১৯ লাখ টাকা হাতিয়ে নেওয়ার তথ্য পাওয়া গেছে। চক্রটি বিদেশে কর্মসংস্থানের আকর্ষণীয় প্রস্তাব দিয়ে অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে প্রলুব্ধ করত। পরে অর্থ নেওয়ার পাশাপাশি বিভিন্ন ব্যক্তির পাসপোর্ট সংগ্রহ করে নিজেদের হেফাজতে রাখত।

গ্রেপ্তারদের সঙ্গে জড়িত অন্য ব্যক্তি, পলাতক আসামি এবং চক্রটির দেশি-বিদেশি সহযোগীদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে সিআইডি।

বিদেশে চাকরি বা ভ্রমণের ক্ষেত্রে যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে টাকা কিংবা পাসপোর্ট হস্তান্তর না করার আহ্বান জানিয়েছে সিআইডি। সরকারি অনুমোদিত বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করার পরামর্শও দিয়েছে সংস্থাটি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ