ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​ব্রাহ্মণবাড়িয়া

পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে ২৫০ হেক্টর ফসলি জমি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৪:৫৪:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৫:৫৮:০১ অপরাহ্ন
পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে ২৫০ হেক্টর ফসলি জমি ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার তিনটি ইউনিয়নের প্রায় ২৫০ হেক্টর ধানি জমি পানিতে তলিয়ে গেছে। রোববার (২৩ আগস্ট) রাতে ভারী বৃষ্টিপাতের কারণে জমিগুলো তলিয়ে যায়। 

এছাড়া আখাউড়া স্থলবন্দর সংলগ্ন কালন্দি খালে পানি বাড়ায় বন্দরের বেশ কয়েকটি আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠানে পানি ঢুকে দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি খাল-বিলে পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলও প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, চলতি আমন মৌসুমে আখাউড়া উপজেলায় ৪,০১২ হেক্টর জমিতে ধানের আবাদ হচ্ছে। দুই সপ্তাহ আগে জমিতে চারা রোপন করা হয়েছিল। তবে গতকাল থেকে উজানের ঢলের পানিতে আখাউড়া সদর ইউনিয়ন, দক্ষিণ ইউনিয়ন ও মোগড়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের প্রায় ২৫০ হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে। তবে দুই-তিনদিনের মধ্যে পানি কমে গেলে ফসলি জমির কোনো ক্ষতি হবে না।

ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকাশ দত্ত জানান, হাওড়া নদীর পানি বাংলাদেশ অংশে বিপৎসীমার প্রায় তিন ফুট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে আর ভারী বৃষ্টিপাত না হলে পানি দ্রুত সরে যাবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ