ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিনামূল্যে দেওয়া হবে এলপিজি সিলিন্ডার : বিজয়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০১:২৩:২১ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০১:২৩:২১ অপরাহ্ন
বিনামূল্যে দেওয়া হবে এলপিজি সিলিন্ডার : বিজয় ছবি : সংগৃহীত
বছরে বিনামূল্যে তিনটি এলপিজি সিলিন্ডার এবং বিনা ভাড়ায় বাস ভ্রমণের সুবিধা আরও বাড়ানোসহ নারীদের জন্য বেশ কয়েকটি বড় সুবিধার ঘোষণা দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়।

সোমবার (২৪ আগস্ট) রাজ্য বিধানসভায় তিনি এসব ঘোষণা দেন।

'অন্নপূর্ণি সুপার সিক্স' নামে নতুন একটি প্রকল্পের আওতায় পরিবারের নারী প্রধানকে বছরে তিনটি বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়া হবে। এ প্রকল্পে বছরে প্রায় ৪ হাজার কোটি রুপি ব্যয় হতে পারে বলে জানা গেছে।

মুখ্যমন্ত্রী বিজয় জানিয়েছেন, আগামী জানুয়ারিতে পঙ্গল উৎসবের সময় থেকে প্রকল্পটি চালু হবে। এতে প্রায় ১ কোটি ৩০ লাখ পরিবার উপকৃত হবে।

এ প্রকল্পের আওতায় সিলিন্ডারের মূল্য সরাসরি পরিবারের নারী প্রধানের ব্যাংক হিসাবে দেওয়া হবে। সিলিন্ডার বুকিং ও সরবরাহের পর তেল বিপণন কোম্পানিগুলোর বিলের ভিত্তিতে অর্থ ফেরত দেওয়া হবে।

বছরে আড়াই লাখ রুপির বেশি আয় নয়—এমন পরিবারগুলো 'অন্নপূর্ণি সুপার সিক্স' প্রকল্পের আওতায় সুবিধা পাবে। অর্থনৈতিকভাবে দুর্বল পরিবার, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পরিবার এবং প্রতিবন্ধী সদস্য থাকা পরিবারও এর আওতায় থাকবে।

এদিকে, নারীদের জন্য বিনা ভাড়ায় বাস ভ্রমণের বিদ্যমান সুবিধাও বাড়ানোর ঘোষণা দিয়েছেন বিজয়।

এখন থেকে রাজ্য পরিচালিত সাধারণ বাসের পাশাপাশি এক্সপ্রেস ও ডিলাক্স বাসেও নারীরা বিনা ভাড়ায় ভ্রমণ করতে পারবেন। এ সুবিধা পাওয়ার ক্ষেত্রে নারীদের আয়ের কোনো সীমা বা ভ্রমণের সংখ্যার ওপর কোনো বিধিনিষেধ থাকবে না।

একই সঙ্গে মুখ্যমন্ত্রী চেন্নাইয়ের দ্বিতীয় বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন। পাড়ান্দুর এলাকায় বিমানবন্দরটি নির্মাণের পরিকল্পনা ছিল।

তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হতো এবং কৃষক ও স্থানীয় বাসিন্দাদের জীবিকা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ