ইলিয়াস আলী গুমের মামলায় উইং কমান্ডার সাইফুরকে 'শোন অ্যারেস্ট'
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৩-০৮-২০২৬ ০৩:৩৮:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৮-২০২৬ ০৩:৪১:২২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলীকে ২০১২ সালের ১৭ এপ্রিল গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছে ট্রাইব্যুনাল। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য ২৫ অক্টোবর দিন ধার্য করা হয়।
রোববার (২৩ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এ আদেশ দেওয়া হয়। বিচারপতি গোলাম মর্তুজার মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের এই ট্রাইব্যুনালে অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
সকালে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দুপুর ২টার পর তাকে আদালতে তোলা হয়। এরপর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাইফুরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের আবেদন জানান। আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানির জন্য ২৫ অক্টোবর দিন ধার্য করা হয়।
এর আগে গত ৯ আগস্ট প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল।
প্রসিকিউশন সূত্রে জানা যায়, দেড় দশক আগে বিএনপি নেতা ইলিয়াস আলীকে অপহরণের প্রথম চেষ্টা ব্যর্থ হওয়ার পর সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নেতৃত্বে দ্বিতীয় চেষ্টায় তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় সাইফুরের সম্পৃক্ততার তথ্য পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
ওই সময় বিমান বাহিনীর তৎকালীন স্কোয়াড্রন লিডার সাইফুর রহমান র্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। আর তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান ছিলেন র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক।
সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের জামাতা সাইফুর সর্বশেষ বিমান সদর দপ্তরের ডিরেক্টরেট অব এয়ার ট্রেনিং ডেপুটি ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
গত ২১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের জবানবন্দিতে ইলিয়াস আলীর গুম ও হত্যার ঘটনায় সাইফুর রহমানের নাম আসে। এই মামলায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান কারাগারে রয়েছেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স