ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুখোশ পরে বাজারে এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ ৩ জন আহত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ০৩:২৭:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ০৩:২৭:৪৩ অপরাহ্ন
মুখোশ পরে বাজারে এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ ৩ জন আহত ছবি : সংগৃহীত
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি বাজারে অস্ত্রধারীদের এলোপাতাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্কুলশিক্ষকসহ তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের বাংলাবাজারে এ ঘটনা ঘটে। অস্ত্রধারী সবাই মুখোশ পরা ছিল।

গুলিবিদ্ধরা হলেন স্থানীয় শামসুন্নাহার উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজিবুজ্জামান (৫৬), দোকান কর্মচারী মো. সাকিব (১৭) ও মোহাম্মদ নাজিম উদ্দিন (১৮)। তাদের সবার শরীরের বিভিন্ন জায়গায় ছররা গুলি লেগেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে মুখোশ পরা ১০ থেকে ১২ অস্ত্রধারী বাজারের পূর্ব গলি দিয়ে নোয়াখালী-লক্ষ্মীপুর প্রধান সড়কে আসে। এরপর তারা ওই এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ করে। পরে তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে সড়কে চলাচলকারী স্কুলশিক্ষক রাজিবুজ্জামান আর দোকান কর্মচারী সাকিব ও নাজিম গুলিবিদ্ধ হন।

রাজিবুজ্জামানের পিঠ, হাত ও বুকে কয়েকটি ছররা গুলি লেগেছে বলে জানান তার শ্যালক মো. সুমন। তাকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, দুর্বৃত্তরা তার দোকানের সামনেও দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। সবাই মুখোশ পরা ছিল। পরে এলোপাতাড়ি গুলি করতে করতে তারা চলে যায়।

নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাজিব উদ্দিন চৌধুরী বলেন, ‘গতকাল দিবাগত রাত ১টার দিকে বেগমগঞ্জ উপজেলা থেকে সাকিব ও নাজিম নামের দুজন ছররা গুলিতে আহত অবস্থায় হাসপাতালে আসেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, ছররা গুলি ও স্প্লিন্টারের আঘাতে তিননজন আহত হয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। আহতদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ