ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুতের দাম নিয়ে চলছে গণশুনানি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ১২:১৪:১২ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ১২:১৪:১২ অপরাহ্ন
নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুতের দাম নিয়ে চলছে গণশুনানি ছবি : সংগৃহীত
নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্র (মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট-এমপিপি) থেকে উৎপাদিত বিদ্যুতের প্রযোজ্য ট্যারিফ নির্ধারণের প্রস্তাব নিয়ে গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রবিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে গণশুনানি শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত শুনানি চলার কথা রয়েছে।

গণশুনানিতে এমপিপি কর্তৃক উৎপাদিত বিদ্যুতের অনধিক ২০ শতাংশ পাবলিক সেক্টর ইউটিলিটি (পিএসইউ) কর্তৃক ক্রয়ের ট্যারিফ, এমপিপি থেকে উৎপাদিত বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণের ওপেন অ্যাকসেস ট্যারিফ, ওপেন অ্যাকসেস লেনদেনের জন্য প্রযোজ্য সঞ্চালন ও বিতরণ লসসহ সংশ্লিষ্ট বিভিন্ন চার্জ এবং অপারেশনাল প্রসিডিউর নির্ধারণের প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

এছাড়া এমপিপি কর্তৃক উৎপাদিত বিদ্যুতের জন্য এনার্জি ম্যানেজমেন্ট ও এক্সপোর্টিং চার্জ, বিলিং কাঠামো এবং এনার্জি সেটেলমেন্ট পদ্ধতি নির্ধারণের বিষয়ও প্রস্তাবে রয়েছে।

গণশুনানিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো), পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এর প্রস্তাবও বিবেচনায় নেওয়া হবে।

বিইআরসি জানিয়েছে, আগ্রহী ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে গণশুনানির আগে লিখিত বক্তব্য বা মতামত কমিশনে জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

পাশাপাশি তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান গণশুনানিতে অংশ নিয়ে প্রস্তাবের বিষয়ে তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট দলিল উপস্থাপন করতে পারবেন।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ