ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ওড়িশায় বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ১০:১৪:৪৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ১২:৪৫:১০ অপরাহ্ন
ওড়িশায় বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি ছবি: প্রতীকী
ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে একটি কার্গো জাহাজ ডুবে গেছে।  শনিবার (২২ আগস্ট) ডুবে যাওয়া জাহাজটি পানামার পতাকাবাহী ছিল।  এতে  ২৪ জন নাবিক ছিলেন, যাদের মধ্যে একজন বাংলাদেশি। খবর এনডিটিভির

ডুবে যাওয়া জাহাজটির নাম ‘এমভি ওশান-উইনার’। গত ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছিল জাহাজটি। এতে ওডিশা থেকে তোলা ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক ছিল।

জাহাজের ২৪ নাবিকের মধ্যে ২০ জন চীনের, ৩ জন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।

শনিবার সকাল ১১টা ৪৮ মিনিটে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পায় শ্রী বিজয়পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার।  জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানিয়ে উদ্ধার অভিযানে সহায়তার অনুরোধ করে।

এরপর ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।  কোস্ট গার্ডের ‘বরদ’ ও ‘অনমোল’ নামের দুটি জাহাজকে উদ্ধার অভিযানে পাঠানো হয়। পাশাপাশি শ্রী বিজয়পুরম থেকে ‘বিজিত’ নামের আরেকটি জাহাজও অভিযানে যুক্ত করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, এখন পর্যন্ত লাইফ র‍্যাফট থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ঘটনাস্থলের আশপাশে থাকা অন্যান্য জাহাজকেও সতর্ক করা হয়েছে এবং উদ্ধার অভিযানে সহযোগিতার জন্য তাদের অনুরোধ জানানো হয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ