ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​‘শক্তিশালী অবস্থানে’ থেকে যুদ্ধ শেষ করতে চান ইরানের প্রেসিডেন্ট

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৫:৫১:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৫:৫১:২৬ অপরাহ্ন
​‘শক্তিশালী অবস্থানে’ থেকে যুদ্ধ শেষ করতে চান ইরানের প্রেসিডেন্ট ​ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত অবসানের আহ্বান জানিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান বর্তমানে ‘শক্তিশালী ও মর্যাদাপূর্ণ’ অবস্থানে রয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) চিকিৎসকদের এক অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, কূটনীতিতে স্থবিরতা থাকলেও বৈশ্বিক প্রেক্ষাপটে ইরান তার অবস্থান ধরে রাখতে পেরেছে।

গত জুনে ওয়াশিংটনের সঙ্গে সম্পাদিত সমঝোতা চুক্তির বিষয়ে কট্টরপন্থীদের সমালোচনার জবাবে তিনি জানান, ওই চুক্তিতে এমন কোনো ধারা নেই যা নতিস্বীকার হিসেবে গণ্য হতে পারে। এদিকে সংঘাত থামানোর আলোচনায় ওমানের মধ্যস্থতায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে যোগাযোগের তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপের জবাবে ইরানের সামরিক নেতৃত্ব কড়া হুঁশিয়ারি দিয়েছে। সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আবদোল্লাহি জানান, যেকোনো নতুন হুমকির বিপরীতে ইরানের সশস্ত্র বাহিনী সর্বাত্মক ও কঠোর জবাব দিতে প্রস্তুত।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের ওপর নতুন ও কঠোরতম আর্থিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, তেহরান আলোচনায় আগ্রহ দেখালেও সঠিক চুক্তিতে পৌঁছানোর মতো পরিস্থিতিতে তারা এখনো পৌঁছায়নি। তবে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিসহ আশপাশের অঞ্চলে নিজেদের অবস্থান সংহত রাখছে বলেও তিনি দাবি করেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ