ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​অর্থমন্ত্রী

জ্বালানি নিরাপত্তায় তিন মাসের রিজার্ভ নিশ্চিতের পরিকল্পনা সরকারের

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৪:২২:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৪:২৩:১১ অপরাহ্ন
জ্বালানি নিরাপত্তায় তিন মাসের রিজার্ভ নিশ্চিতের পরিকল্পনা সরকারের ​ছবি: সংগৃহীত
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নের প্রধান শর্ত হলো জ্বালানি নিরাপত্তা। তিনি উল্লেখ করেন, সরকার প্রতিটি জ্বালানি খাতে অন্তত তিন মাসের মজুদ বা রিজার্ভ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিআইআই) আয়োজিত ‘২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি: প্রেক্ষিত রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারিখাতের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আমির খসরু বলেন, উত্তরাধিকারসূত্রে সরকার যে নাজুক জ্বালানি পরিস্থিতি পেয়েছে, সেখান থেকে উত্তরণ ঘটানো রাতারাতি সম্ভব নয়। তিনি জানান, দায়িত্ব নেওয়ার সময় কোনো কোনো জ্বালানি খাতে মাত্র ১৫-১৭ দিনের মজুদ ছিল, যা বর্তমানে এক মাসে উন্নীত করা হয়েছে। এখন লক্ষ্য হচ্ছে এই মজুদকে তিন মাসে নিয়ে যাওয়া। গ্যাসের সংকট সমাধানে অনশোর গ্যাস উত্তোলন বৃদ্ধি এবং পাইপলাইন নির্মাণসহ দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

অর্থমন্ত্রী বেসরকারি খাতের ভূমিকার প্রশংসা করে বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধি মূলত বেসরকারি খাতনির্ভর এবং বিএনপির অর্থনৈতিক দর্শনও এই খাতের বিকাশকে কেন্দ্র করে আবর্তিত। তিনি বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দিয়ে বলেন, স্থানীয় বিনিয়োগ না বাড়লে বিদেশী বিনিয়োগকারীরা আস্থাশীল হবে না। ব্যবসার খরচ কমাতে কাস্টমস ও বন্দর কার্যক্রমকে আরও গতিশীল এবং সময়বদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। পাশাপাশি ব্যবসায়ীদের সুবিধার্থে এবং কোনো ধরনের জটিলতা দ্রুত নিরসনের লক্ষ্যে একটি ওয়েবসাইট চালুর কথাও তিনি ঘোষণা করেন।

সেমিনারে অর্থমন্ত্রী আরও জানান, সরকার ‘ক্রিয়েটিভ ইকোনমি’ ও কুটির শিল্পকে মূলধারার অর্থনীতিতে যুক্ত করতে কাজ করছে। গ্রামীণ কারুশিল্পী ও ঐতিহ্যবাহী পণ্যের সাথে যুক্ত উদ্যোক্তাদের ঋণ এবং বিপণন সহায়তা প্রদান করা হবে। এছাড়া থিয়েটার, চলচ্চিত্র, সংগীত এবং ক্রীড়া খাতকেও জিডিপির অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনিটাইজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সেমিনারে ড. জাইদি সাত্তার, মাহবুবুর রহমান এবং ড. হোসেন জিল্লুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্যানেল আলোচনায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান, ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান এবং বিআইডিএস-এর মহাপরিচালক ড. এ কে এনামুল হক অংশ নেন। সেমিনারের স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ বেসরকারি খাতের প্রত্যাশা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ