ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কারা মহাপরিদর্শক থেকে জাতিসংঘে বড় পদে মোতাহের হোসেন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৩:০৮:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৩:০৮:৪৭ অপরাহ্ন
কারা মহাপরিদর্শক থেকে জাতিসংঘে বড় পদে মোতাহের হোসেন ফাইল ছবি
দেশের কারাগারের নিরাপত্তা, বন্দি ব্যবস্থাপনা ও সংস্কারের দায়িত্ব সামলে এবার জাতিসংঘে বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতির দায়িত্বে যাচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। কারা মহাপরিদর্শক হিসেবে গত ১৮ আগস্ট শেষ সংবাদ সম্মেলন করার পরদিনই তাকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বর্তমানে ওই পদে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম রাব্বানীকে প্রত্যাবর্তন করে তার স্থলাভিষিক্ত হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনকে নিয়োগের কথা বলা হয়েছে। এর মধ্য দিয়ে কারা প্রশাসনের শীর্ষ পদ থেকে সরাসরি প্রতিরক্ষা কূটনীতির গুরুত্বপূর্ণ দায়িত্বে যাচ্ছেন মোতাহের হোসেন।

প্রজ্ঞাপনে নতুন প্রতিরক্ষা উপদেষ্টার দায়িত্ব ও সুযোগ-সুবিধার শর্তও নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়, প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে মোতাহের হোসেন ‘মিনিস্টার’ পদে কূটনৈতিক পদমর্যাদা ভোগ করবেন। প্রচলিত নিয়ম অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

নিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বাজেট থেকে বহন করা হবে। আউটফিট ও বদলি মঞ্জুরির অর্থ বাংলাদেশ সেনাবাহিনীর বাজেটের সংশ্লিষ্ট খাত থেকে দেওয়া হবে। বিদেশে প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করলেও তার চাকরি বাংলাদেশ সেনাবাহিনীতেই বহাল থাকবে। একই প্রজ্ঞাপনে বর্তমান প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম রাব্বানীকে প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। 
  
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ