ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০৮-২০২৬ ১০:৩৩:২৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ২২-০৮-২০২৬ ১০:৩৩:২৬ পূর্বাহ্ন
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন ছবি : সংগৃহীত
সরকার গঠনের ছয় মাসের মাথায় আকার বাড়লো মন্ত্রিসভার। নতুন রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন চার পূর্ণ মন্ত্রী এবং দুই প্রতিমন্ত্রী। এদের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ড. মঈন খান, তথ্য ও সম্প্রচারের আন্দালিভ রহমান পার্থ। এদিকে, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থেকে পদোন্নতি পেয়ে মন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া হুমায়ুন কবীরকে করা হয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

একদিনে পরপর দুই শপথের স্বাক্ষী বঙ্গভবন। নিজে রাষ্ট্রের সর্বোচ্চ পদে শপথ নেয়ার পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় দরবার হলে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালনের প্রতিজ্ঞা করেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী। এরপর গোপনীয়তার শপথ শেষে নির্ধারিত নথিতে সই করেন তারা।

সরকার গঠনের ৬ মাস পর মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে যুক্ত হলেন চারজন, আর প্রতিমন্ত্রী ২ জন। মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় স্থানীয় সরকারমন্ত্রীর শূন্য পদে দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। 

প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হিসেবে শপথ নেয়া এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। এই মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আন্দালিব রহমান পার্থ। এ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করে আসা জহির উদ্দিন স্বপনকে করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা।

বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী দায়িত্ব পেয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর। বিএনপি সরকার গঠনের পর এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া দীপেন দেওয়ান তিন মাসের মাথায় পদত্যাগ করেছিলেন।

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আর প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসা হুমায়ুন কবিরকে করা হয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মন্ত্রিসভায় যুক্ত হয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় জানান নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।

সরকারের কার্যক্রম আরও এগিয়ে নিতে মন্ত্রিসভার নতুন সদস্যদের কাছে প্রত্যাশা জানান আমন্ত্রিত অতিথিরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় এখন সদস্য সংখ্যা দাঁড়ালো ৫৪ জন।

উল্লেখ্য, শুক্রবার রাতেই নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন এবং ১ মন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তরের দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করেছেন।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ