ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর চাপ, একদিনে হাসপাতালে ভর্তি ৩৯

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৮-২০২৬ ০৩:২১:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৮-২০২৬ ০৩:২১:৪৩ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর চাপ, একদিনে হাসপাতালে ভর্তি ৩৯ ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ বাড়ছে। শুক্রবার (২১ আগস্ট) পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে হাসপাতালে মোট ৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসাধীন এসব রোগীদের মধ্যে পুরুষ ২৫ জন, নারী ২০ জন এবং ৭ জন শিশু (যার মধ্যে ৬ জন ছেলে ও ১ জন মেয়ে) রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর লক্ষণ নিয়ে নতুন করে আরও ৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ১৭ জন হাসপাতালটির বহির্বিভাগে শনাক্ত হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি—২৩ জন পুরুষ, ১৩ জন নারী এবং ৩ জন শিশু (১ জন ছেলে ও ২ জন মেয়ে) ভর্তি হয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন রোগী। ছাড়পত্র পাওয়া এসব রোগীদের মধ্যে ১৪ জন পুরুষ, ১৮ জন নারী এবং ৪ জন শিশু (১ জন ছেলে ও ৩ জন মেয়ে) রয়েছেন। এছাড়াও উন্নত চিকিৎসার জন্য ১ জন নারী রোগীকে রাজশাহীতে রেফার্ড করা হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

২৫০ শয্যার চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আরএমও ডা. মো. মাহবুব হাসান বলেন, বৃষ্টিপাতের কারণে ডেঙ্গু রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের ডেঙ্গু কর্নার প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য উপকরণ মজুত রাখা হয়েছে। চিকিৎসক সংকটের মধ্যেও রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করছে।

উল্লেখ্য, চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ অদ্যাবধি চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে সর্বমোট ৪৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। পাশাপাশি হাসপাতালের বহির্বিভাগেও নিয়মিত ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে এবং বছরের শুরু থেকে এ পর্যন্ত বহির্বিভাগে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৬ জনে। এছাড়া চলতি বছর এখন পর্যন্ত এই হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ