অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের সিনেমা পাঠানোর আহ্বান
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২১-০৮-২০২৬ ১১:৫২:৫৪ পূর্বাহ্ন
আপডেট সময় :
২১-০৮-২০২৬ ১১:৫২:৫৪ পূর্বাহ্ন
ফাইল ছবি
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৯তম আসরের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের পক্ষ থেকে চলচ্চিত্র পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ জন্য যোগ্য নির্মাতা ও প্রযোজকদের কাছ থেকে সিনেমা জমা দেওয়ার আহ্বান জানিয়েছে অস্কার বাংলাদেশ কমিটি।
আবেদনকারীদের আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত অনলাইন ফরম পূরণের পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। বিষয়টি নিশ্চিত করেছেন অস্কার বাংলাদেশ কমিটির সাবমিশন কোঅর্ডিনেটর আব্দুল্লাহ আল মারুফ।
কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, অস্কারের বাছাইয়ে অংশ নিতে সিনেমাটির দৈর্ঘ্য ৪০ মিনিটের বেশি হতে হবে। কাহিনিচিত্রের পাশাপাশি পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন ও প্রামাণ্যচিত্রও আবেদন করতে পারবে। ছবির মোট সংলাপ বা ডায়ালগ ট্র্যাকের ৫০ শতাংশের বেশি বাংলাদেশি ভাষায় থাকতে হবে। একই সঙ্গে সিনেমায় স্পষ্ট ও যথাযথ ইংরেজি সাবটাইটেল থাকা আবশ্যক।
যোগ্যতার আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হলো প্রদর্শনের সময়সীমা। সিনেমাটি ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে বাংলাদেশের কোনো বাণিজ্যিক প্রেক্ষাগৃহে সাধারণ দর্শকের জন্য বাণিজ্যিকভাবে মুক্তি পেয়ে একই সিনেমা হলে অন্তত টানা সাত দিন প্রদর্শিত হতে হবে।
তবে প্রেক্ষাগৃহে মুক্তির আগে কোনো সিনেমা টেলিভিশন, পে-পার-ভিউ, ওটিটি বা স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ডিভিডি, বিমানে প্রদর্শন কিংবা ইন্টারনেটসহ অ-প্রেক্ষাগৃহ মাধ্যমে প্রকাশিত বা প্রদর্শিত হয়ে থাকলে সেটি অস্কারের জন্য বিবেচিত হবে না।
আবেদনে ভুল, অসম্পূর্ণ বা অ্যাকাডেমির নিয়মের সঙ্গে অসঙ্গতিপূর্ণ তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট আবেদন বাতিল হতে পারে। বাছাই শেষে ২৭ সেপ্টেম্বর সকাল ১১টায় জুরি বোর্ড বাংলাদেশের নির্বাচিত সিনেমার নাম ঘোষণা করবে।
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ৯৯তম অস্কারের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১৪ মার্চ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ডলবি থিয়েটারে ২৪টি বিভাগে দেওয়া হবে এই পুরস্কার।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স