ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​আইসিসি থেকে সুখবর পেলেন হাসান ও তানজিদ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২০-০৮-২০২৬ ১২:৪৮:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৮-২০২৬ ১২:৪৮:১৩ অপরাহ্ন
​আইসিসি থেকে সুখবর পেলেন হাসান ও তানজিদ ​ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার ডারউইনে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ দল। সেই অবিস্মরণীয় জয়ে বল হাতে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন পেসার হাসান মাহমুদ এবং ব্যাট হাতে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি উপহার দিয়েছিলেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। দুর্দান্ত এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে সুখবর পেয়েছেন এই দুই টাইগার ক্রিকেটার। আইসিসির সর্বশেষ হালনাগাদ করা টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তারা।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক লাফে ২৬ ধাপ এগিয়েছেন পেসার হাসান মাহমুদ। ৫০৩ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে তিনি উঠে এসেছেন ৩৮ নম্বর অবস্থানে। উন্নতি হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের বোলিং র‍্যাঙ্কিংয়েও; তিন ধাপ এগিয়ে তিনি বর্তমানে অবস্থান করছেন ২৪ নম্বরে। এছাড়া অন্য দুই পেসার তাসকিন আহমেদ এক ধাপ ও এবাদত হোসেন চার ধাপ এগিয়েছেন। তবে বোলারদের শীর্ষ তিনে কোনো পরিবর্তন আসেনি। এক নম্বরে জাসপ্রিত বুমরাহ, দুইয়ে ম্যাট হেনরি এবং তিনে রয়েছেন মিচেল স্টার্ক।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন তানজিদ হাসান তামিম। ডারউইনে অভিষেক টেস্ট সেঞ্চুরি করা এই ওপেনার এক ধাক্কায় ৮৪ ধাপ এগিয়ে ৮৯ নম্বরে উঠে এসেছেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৯ ধাপ এগিয়ে শীর্ষ বিশে নিজের জায়গা করে নিয়েছেন। পাঁচ ধাপ এগিয়ে মুমিনুল হকের অবস্থান এখন ৩১ নম্বরে। পাশাপাশি ব্যাটারদের তালিকায় মিরাজ পাঁচ ধাপ এবং ওপেনার সাদমান ইসলাম তিন ধাপ এগিয়েছেন।

অন্যদিকে, ডারউইন টেস্টে সেঞ্চুরি করা অস্ট্রেলীয় ব্যাটার ক্যামেরন গ্রিন পাঁচ ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠে এসেছেন এবং প্রথম ইনিংসে ফিফটি হাঁকানো স্টিভেন স্মিথ এক ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন শীর্ষ তিনে। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক এবং দুই নম্বরে আছেন স্বদেশি জো রুট, যেখানে দুজনই এক ধাপ করে এগিয়েছেন। অন্যদিকে তিন ধাপ পিছিয়ে চার নম্বরে নেমে গেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ