সোনালী আঁশ সংগ্রহে ব্যস্ত হরিরামপুরের চাষিরা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-০৮-২০২৬ ১২:৩৭:২৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৮-২০২৬ ১২:৩৭:২৯ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত ও উন্নত জাতের বীজে মানিকগঞ্জের হরিরামপুরে এবার ভালো হয়েছে পাটের ফলন। এর সঙ্গে বাজারে ভালো দাম পাওয়ায় স্বস্তিতে আছেন কৃষকেরা।
চলতি মৌসুমে উপজেলায় পাট আবাদের লক্ষ্যমাত্রার চেয়ে ৬২ হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে। এতে সোনালি আঁশ পাটকে ঘিরে নতুন করে সম্ভাবনা দেখছেন কৃষকেরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে হরিরামপুরে ৫৬৩ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৬২৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, পুকুর, খাল ও নদীতে জাগ দেওয়া হয়েছে পাট। জাগ দেওয়া পাট থেকে আঁশ ছাড়িয়ে ধুয়ে রোদে শুকাতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কেউ পানিতে নেমে আঁশ ছাড়াচ্ছেন, আবার কেউ বাড়ির উঠান কিংবা রাস্তার পাশে আঁশ ধুয়ে শুকাতে দিচ্ছেন। নারী-পুরুষ থেকে শুরু করে বয়স্করাও ব্যস্ত রয়েছেন পাটের আঁশ ও পাটকাঠি সংগ্রহের কাজে।
স্থানীয় কৃষকেরা জানান, আষাঢ়-শ্রাবণ মাসে বর্ষার পানিতে খাল-বিল, ডোবা-নালা ভরে উঠলে পাট জাগ দেওয়ার কাজ শুরু হয়। এবারও সেই সময়ে পাট জাগ দেওয়া শুরু হয়েছে। এখন চলছে আঁশ ছাড়ানো ও শুকানোর কাজ। পাশাপাশি পাটকাঠির চাহিদা থাকায় আঁশ ছাড়ানোর পর পাটকাঠিও সংগ্রহ করছেন কৃষকেরা।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স