ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৮.২০%

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০৬:৩৯:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০৬:৩৯:৪৬ অপরাহ্ন
​কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৮.২০% ​ছবি: সংগৃহীত
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এক বছর মেয়াদী কামিল (মাস্টার্স) পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর মোট পাস করেছেন ৮৮ দশমিক ২০ শতাংশ পরীক্ষার্থী।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন। এর পূর্বে পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান তাঁর কার্যালয়ে গিয়ে উপাচার্যের নিকট ফলাফলের কপি হস্তান্তর করেন।

ফলাফল হস্তান্তর ও প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানী, কামিল শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. হোসাইন আহমাদ এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ কে মুহা নুরুল ইসলাম। এ ছাড়া অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মো. আবুবকর সিদ্দিক, উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ফল প্রকাশকালে উপাচার্য উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীদের জন্য গুণগত ও কর্মমুখী শিক্ষা সুনিশ্চিত করা বিশ্ববিদালয়ের অন্যতম লক্ষ্য। মাদ্রাসা শিক্ষাকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করতে কাজ চলছে জানিয়ে স্বল্প সময়ে ফলাফল তৈরিতে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানান তিনি।

এবারে সিজিপিএ (CGPA)-এর ভিত্তিতে দেশসেরা প্রতিষ্ঠানের তালিকায় প্রথম স্থান অধিকার করেছে ঢাকার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ও ঢাকার সরকারি মাদ্রাসা-ই-আলিয়া। এ ছাড়া তালিকার তৃতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রামের নেছারিয়া কামিল মাদ্রাসা।

প্রসঙ্গত, দেশের ৬৩টি কেন্দ্রে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকাহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে এ পরীক্ষা নেওয়া হয়। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটে (www.result.iau.edu.bd) গিয়ে তাঁদের ফলাফল দেখতে পারবেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ