সাবেক বিচারপতি খায়রুল হকের জামিন বহাল, ‘মুক্তিতে বাধা নেই’
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-০৮-২০২৬ ০৫:৩০:৫০ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০৮-২০২৬ ০৬:৪৩:১৪ অপরাহ্ন
ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর বনানী থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা এক মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনে সোমবার (১৭ আগস্ট) ‘নো অর্ডার’ আদেশ দেন চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।
আদালতে খায়রুল হকের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। সঙ্গে ছিলেন আইনজীবী মোনায়েম নবী শাহীন প্রমুখ।
জামিন বহাল থাকায় সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তিতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
গত ১০ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের সময় বনানী থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা এক মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ জামিন দেন।
গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হক গ্রেপ্তার হন। পরে তাকে জুলাই গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর আরও মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স