কার্গো জট কাটাতে বিমানবন্দরে ওয়্যারহাউজ, খোঁজ মিলবে এআইয়ে
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-০৮-২০২৬ ০৫:১২:৫১ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০৮-২০২৬ ০৫:১২:৫১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বিমানবন্দরে কার্গো পণ্য খালাসের দীর্ঘসূত্রতা ও হ্যান্ডলিং সমস্যা নিরসনে স্থায়ী ও অস্থায়ী ওয়্যারহাউজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে আমদানিকৃত পণ্য দ্রুত শনাক্ত ও খুঁজে বের করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থা চালুর বিষয়েও আলোচনা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিং সমস্যা নিরসনে স্থায়ী ও অস্থায়ী ওয়্যারহাউজ নির্মাণ নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত ও প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আরও নিরাপদ, আধুনিক ও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরে সম্মিলিতভাবে কাজ করা হচ্ছে। দীর্ঘদিনের কারিগরি ও অবকাঠামোগত সমস্যা দ্রুত সমাধান এখন সরকারের অগ্রাধিকার।
তিনি বলেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সহজ করার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে।
প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে আফরোজা খানম বলেন, প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশ শুধু অনুসরণকারী নয়, নেতৃত্বের অবস্থানে যেতে চায়। দ্রুত কার্গো পণ্য খালাসে আধুনিক প্রযুক্তির ব্যবহার দেশের বিমান পরিবহন খাতে নতুন মাত্রা যোগ করবে।
সভায় কার্গো হ্যান্ডলিং সমস্যা সাময়িকভাবে মোকাবিলায় একটি অস্থায়ী ওয়্যারহাউজ নির্মাণের জন্য সাতটি সম্ভাব্য স্থান এবং স্থায়ী ওয়্যারহাউজ নির্মাণের জন্য চারটি সম্ভাব্য স্থান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ ছাড়া বিমানবন্দরে ওষুধের আমদানি-রপ্তানি দ্রুততর করতে শীতাতপনিয়ন্ত্রিত সংরক্ষণাগার অবকাঠামো নির্মাণ, গ্রাউন্ড হ্যান্ডলিং নির্দেশিকা প্রণয়ন এবং কার্গো পণ্য আমদানির নোটিশ দ্রুত আমদানিকারকের কাছে পৌঁছানোর বিষয়ে আলোচনা হয়।
আমদানিকৃত পণ্য দ্রুত শনাক্ত ও খুঁজে বের করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থা তৈরির প্রস্তাবও সভায় গুরুত্ব পায়। এর মাধ্যমে কার্গো ব্যবস্থাপনায় সময় ও জট কমানোর পাশাপাশি আমদানিকারকদের ভোগান্তি কমানো সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সভায় বাণিজ্য মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স