ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​আবুল কালাম আযাদের মৃত্যুদণ্ডের আপিল শুনানি ৩১ আগস্ট

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০১:৫৪:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০১:৫৪:৪৬ অপরাহ্ন
​আবুল কালাম আযাদের মৃত্যুদণ্ডের আপিল শুনানি ৩১ আগস্ট ​ছবি: সংগৃহীত
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের করা আপিলের শুনানি পিছিয়েছে। আগামী ৩১ আগস্ট এ আপিলের পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

সোমবার (১৭ আগস্ট) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ শুনানি আজকের মতো মুলতবি করে নতুন তারিখ নির্ধারণ করেন।

শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, মাওলানা আবুল কালাম আযাদ দীর্ঘদিন পলাতক ছিলেন। ৫ আগস্টের পর তিনি দেশে ফিরে তৎকালীন সরকারের কাছে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে তার মৃত্যুদণ্ড কার্যকরের ওপর এক বছরের স্থগিতাদেশ দেওয়া হয়।

চিফ প্রসিকিউটর বলেন, মূলত ওই স্থগিতাদেশের ভিত্তিতেই আবুল কালাম আযাদ আপিল বিভাগে তার দণ্ড ও সাজা চ্যালেঞ্জ করে আপিল করেছেন।

সম্প্রতি ওই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর জন্যও আবেদন করেন আবুল কালাম আযাদ। তবে রাষ্ট্রপক্ষ এ আবেদনের বিরোধিতা করেছে।

আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর ২১(৩) ধারা অনুযায়ী রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে। ৩০ দিন পার হয়ে গেলে আপিল করার সুযোগ নেই। তাই সময়সীমা অতিক্রম করায় বর্তমান আপিলটি আইনগতভাবে গ্রহণযোগ্য নয় বলে রাষ্ট্রপক্ষ মনে করে।

তিনি আরও বলেন, আবুল কালাম আযাদের পক্ষ থেকে সংবিধানের ১০৪ অনুচ্ছেদে থাকা ‘সম্পূর্ণ ন্যায়বিচার’ নীতির ভিত্তিতে আপিল করা হয়েছে। তবে যেখানে সুনির্দিষ্ট আইনগত বিধান রয়েছে, সেখানে ওই অনুচ্ছেদ প্রয়োগের সুযোগ নেই বলে রাষ্ট্রপক্ষের অবস্থান।

চিফ প্রসিকিউটর বলেন, নির্বাহী আদেশের মাধ্যমে করা কোনো আপিল দেশের প্রচলিত আইনের ওপর প্রাধান্য পেতে পারে না। আইন অনুযায়ী ৩০ দিন পার হওয়ার পর আপিলের সুযোগ নেই—রাষ্ট্রপক্ষ সেই অবস্থানেই রয়েছে।

এর আগে গত ১০ আগস্ট রাষ্ট্রপক্ষের সময় চাওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে আবুল কালাম আযাদের আপিলের শুনানি ১৭ আগস্ট পর্যন্ত মুলতবি করেছিলেন আপিল বিভাগ।

মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক থাকা অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ