জাপানি প্রতিনিধিদলের সঙ্গে অধ্যাপক ইউনূসের সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-০৮-২০২৬ ১২:৩১:২০ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০৮-২০২৬ ১২:৩১:২০ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সামাজিক ব্যবসা নিয়ে একাডেমিক আলোচনায় অংশ নিতে ঢাকায় এসেছে ১৬ সদস্যের জাপানি শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদল। রোববার (১৬ আগস্ট) ঢাকার মিরপুরে ইউনূস সেন্টারে নিজ কার্যালয়ে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জাপানি প্রতিনিধিদলের সদস্যরা।
অধ্যাপক ইউনূস বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে দুই দেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ ব্যবসায়িক ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারে প্রতিনিধিদলের সদস্যদের নিজ নিজ ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
বৈঠকে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় জাপান সফরের কথা স্মরণ করেন অধ্যাপক ইউনূস। সে সময় জাপান সরকারের প্রতিনিধিরা দেশটির ক্রমবর্ধমান কর্মী সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার সম্ভাবনার কথা বলেছিলেন। গতকাল প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় এ ক্ষেত্রে আরও সহযোগিতার সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি।
বৈঠকে গ্রামীণের দর্শন ও বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও প্রতিনিধিদলকে জানান অধ্যাপক ইউনূস। তিনি বলেন, মানুষের সক্ষমতা, সৃজনশীলতা ও উদ্যোক্তা হওয়ার শক্তিকে কেন্দ্র করে গ্রামীণের উদ্যোগগুলো পরিচালিত হচ্ছে। সামাজিক ব্যবসার ধারণাটি ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক স্বীকৃতি ও জনপ্রিয়তা পেয়েছে।
তিনি বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল লক্ষ্য হওয়া উচিত তিনটি বিষয়—শূন্য নিট কার্বন নিঃসরণ, দারিদ্র্য দূরীকরণে শূন্য সম্পদ কেন্দ্রীভবন এবং উদ্যোক্তাশক্তির বিকাশের মাধ্যমে শূন্য বেকারত্ব অর্জন।
অধ্যাপক ইউনূস বলেন, মানুষের উদ্যোক্তা হওয়ার সম্ভাবনাকে কাজে লাগানোর সুযোগ সৃষ্টি এবং সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জের সমাধান তৈরির মাধ্যমে গ্রামীণ প্রতিষ্ঠানগুলো এসব লক্ষ্য অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় বাংলাদেশ ও জাপানের মধ্যে শিক্ষা, ব্যবসা, সামাজিক উন্নয়ন ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা জোরদার এবং পারস্পরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও আলোচনা হয়।
প্রতিনিধিদলে ছিলেন অধ্যাপক শিনজিরো ওগিতা, ডিন, ফ্যাকাল্টি অব বায়োরিসোর্স সায়েন্সেস/ফ্যাকাল্টি অব লাইফ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, প্রিফেকচারাল ইউনিভার্সিটি অব হিরোশিমা; হিরোকি হামাদা, প্রতিনিধি পরিচালক, ডিপার্টমেন্ট অব লাইফ সায়েন্স, মেইস্টারবায়ো কো., লিমিটেড/ওকায়ামা ইউনিভার্সিটি অব সায়েন্স; দাইজো কুদো, প্রফেশনাল কনসাল্টিং ইঞ্জিনিয়ার, রিসার্চ অ্যান্ড টেকনোলজি ডিভিশন, নাগাসে ভিটা কো., লিমিটেড; মিওয়া আবে, সহযোগী অধ্যাপক, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সায়েন্সেস, তোকাই ইউনিভার্সিটি; তাদাশি উচিয়ামা, সহযোগী অধ্যাপক, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সায়েন্সেস, তোকাই ইউনিভার্সিটি; ইয়োশিও মায়েদা, ভিজিটিং অধ্যাপক, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সায়েন্সেস এবং প্রতিনিধি পরিচালক, তোকাই ইউনিভার্সিটি; সেইজি ইশিমোতো, নির্বাহী পরিচালক ও সিইও, ওয়েস্ট-ওকায়ামা মেডিকেল ক্লিনিক; ইয়াসুহিরো কাওয়ামোতো, সিইও, জেনমিরাই জাপান গ্রুপ; ইউতা শিগেমোরি, প্রতিনিধি পরিচালক, জেনারেল ইনকরপোরেটেড অ্যাসোসিয়েশন হামিংবার্ড; বুনহি সুরুইশি, সিইও ও চেয়ারম্যান/প্রেসিডেন্ট, সাকুরা গ্রুপ, এডুকেশনাল করপোরেশন সুরুইশি গাকুয়েন; তোশিইউকি মায়েদা, সিইও, পাথফাইন্ডার কো., লিমিটেড; এবং ড. মো. জিয়াউল করিম, ইন্টারন্যাশনাল ডিভিশন, ওকায়ামা বিজনেস কলেজ।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স