৩৩ কেভি লাইনে গাছ পড়ে উখিয়া-টেকনাফে বিদ্যুৎ সরবরাহ বন্ধ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৬-০৮-২০২৬ ০১:২২:২৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৮-২০২৬ ০১:২২:২৬ অপরাহ্ন
প্রতীকী ছবি
কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বিজিবি চেকপোস্ট এলাকায় ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের ওপর গাছ পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে উখিয়া ও টেকনাফ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ভারি বৃষ্টির মধ্যে চেকপোস্টসংলগ্ন সড়কের পাশে থাকা একটি রেইনট্রি গাছ হঠাৎ বিদ্যুৎ লাইনের ওপর পড়ে যায়। এতে চারটি খুঁটির সমন্বয়ে তৈরি বক্স পোল ক্ষতিগ্রস্ত হয়।
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির উখিয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক কায়জার নুর জানান, ৩৩ কেভি মূল লাইনের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর উখিয়া ও টেকনাফের পাশাপাশি মেরিন ড্রাইভ ও জালিয়াপালং এলাকার বিভিন্ন অংশেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত লাইন ও খুঁটি মেরামতের কাজ চলছে। রক্ষণাবেক্ষণ ও মেরামত শেষ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আনুমানিক ছয় থেকে সাত ঘণ্টা সময় লাগতে পারে।
এদিকে, গাছটি সরিয়ে সড়ক ও বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের সদস্যরাও কাজ করছেন।
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে গাছটি নিরাপদে অপসারণে ফায়ার সার্ভিস সদস্যরা সহযোগিতা করছেন।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় উখিয়া-টেকনাফ এলাকায় পল্লী বিদ্যুতের অন্তত তিন লাখ গ্রাহক ভোগান্তিতে পড়েছেন।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স