চোখের জলে বিদায় নিলেন পুলিশ সদস্য
বাড়িতে ফেরা হলো না জাহাঙ্গীরের
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৪-০৮-২০২৬ ০৫:২২:২২ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-০৮-২০২৬ ০৫:২২:৫৮ অপরাহ্ন
ফাইল ছবি
ছুটিতে স্বজনদের হাসি মুখ দেখতে বাড়ি ফিরছিলেন পুলিশ কনস্টেবল জাহাঙ্গীর আলম। পরিবারের প্রিয় মানুষদের জন্য কেনাকাটাও করেছিলেন অনেক আশা নিয়ে। কিন্তু সেই আনন্দ নিমেষেই রূপ নিল বিষাদে। পথেই এক ঘাতক গাড়ির ধাক্কায় কেড়ে নিল তাঁর প্রাণ। ছুটির আনন্দ শেষে বাড়ি ফেরা তো হলোই না, অবশেষে ফিরে এলেন নিথর দেহে। স্বজনদের করুণ আকুতি আর চোখের জলে চিরনিদ্রায় শায়িত হলেন এই পুলিশ সদস্য।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের গিল্লাবাড়িয়া গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তিনি চট্টগ্রাম নগরের খুলশী থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি গিল্লাবাড়িয়া গ্রামের মুন্সি হাজী বাড়ির আবদুল কাদেরের ছেলে।
স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) কর্মস্থল থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসছিলেন জাহাঙ্গীর। পরিবারের জন্য কেনাকাটা শেষে শহরের হাসপাতাল মোড় থেকে টমটমযোগে বাড়ি ফিরছিলেন তিনি। দুপুর সাড়ে ৩টার দিকে কাজিরবাগ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি জিপ গাড়ি একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে ওই অটোরিকশাটি জাহাঙ্গীরের টমটমটিকে সজোরে ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার সময় এলজিইডির গাড়িটি চালাচ্ছিলেন ড্রাইভার মো. শামীম। গাড়িতে এলজিইডির ল্যাব টেকনিশিয়ান বিল্লাল ও মোর্শেদ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, কনস্টেবল জাহাঙ্গীর ছুটিতে থাকা অবস্থায় গ্রামের বাড়িতে সড়ক দুর্ঘটনায় মারা যান। তাঁর এই অকাল মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা ও এলজিইডির গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স