ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যারাথনে দৌড়াতে গিয়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০১:৪৭:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০১:৪৯:৪৩ অপরাহ্ন
ম্যারাথনে দৌড়াতে গিয়ে যুবকের মৃত্যু ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে ম্যারাথনে অংশ নিয়ে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

নিহত টিপু সুলতান (৪০) কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার কাঠখাল গ্রামের বাসিন্দা মৃত রাজ্জাক মিয়ার ছেলে। তিনি মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ব্যবসায়ী আশরাফ উদ্দিনের ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

আয়োজক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টায় সোনারগাঁও উপজেলার পানামনগর আমিনপুর মাঠ থেকে সাড়ে সাত কিলোমিটারের এই ম্যারাথন শুরু হয়। দৌড়ের অর্ধেক পথ অতিক্রম করার পর বালিয়া দিঘিরপাড় এলাকায় পৌঁছালে টিপু সুলতান হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে ইভেন্টের মেডিকেল টিমের সহায়তায় তাকে দ্রুত সোনারগাঁও সেবা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে মদনপুর আল বারাকা হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে আল বারাকা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‘সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬’-এর মূখ্য আয়োজক শিমুল ভূইয়া বলেন, সারাদেশ থেকে আসা প্রায় ৬০০ জন দৌড়বিদের সঙ্গে টিপু সুলতানও আমাদের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। আমরা তার অসুস্থতার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। তার এই আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

প্রতিযোগিতার প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং আয়োজক কমিটির পক্ষ থেকে টিপু সুলতানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ