ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্লিন সিটি, গ্রিন সিটির বার্তা

ঢাকার ৪১৬ বছর পূর্তিতে সাইকেল শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০১:৪৩:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০২:৩৮:০৭ অপরাহ্ন
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে সাইকেল শোভাযাত্রা ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
রাজধানী ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন নাগরিকদের কাছে তুলে ধরে ঢাকার প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধ জাগ্রত করার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে ঢাকা হেরিটেজ সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) ঐতিহাসিক ‘ঢাকা হেরিটেজ সাইকেল র‍্যালি’ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি এবং ‘ঢাকা দিবস’ উপলক্ষে ডিএসসিসির উদ্যোগে মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে এই র‍্যালির আয়োজন করা হয়।

ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের সভাপতিত্বে ঐতিহাসিক র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।  

প্রায় ৩০০ জন নাগরিক এই সাইকেল র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালিটি ঢাকা গেট থেকে শুরু হয়ে টিএসসি মোড়, শাহবাগ মোড়, বাটা সিগন্যাল মোড়, সায়েন্সল্যাব মোড়, নীলক্ষেত মোড়, আজিমপুর মোড়, এতিমখানা মোড়, ঢাকেশ্বরী মন্দিরের সামনে দিয়ে, মাদ্রাসা শিক্ষা বোর্ড, বকশীবাজার মোড়, শহীদ মিনার রোড, কেন্দ্রীয় শহীদ মিনার রোড, সেক্রেটারিয়েট রোড, জাতীয় বার্ন ইউনিটের সামনে দিয়ে, বঙ্গবাজার মোড় দিয়ে নগর ভবনে এসে শেষ হয়। অংশগ্রহণকারী প্রত্যেক সাইক্লিস্টকে ডিএসসিসির পক্ষ থেকে পদক ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন- ঢাকা আমাদের প্রাণের শহর, ঐতিহ্যের ধারক ও বাহক। ঢাকাকে ঘিরেই আগামী বাংলাদেশ। তাই একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, এমন একটি ঢাকা প্রয়োজন, যেখানে প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে এবং স্বাচ্ছন্দ্য পরিবেশ পাবে। তরুণরা যাতে সাইকেল নিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ পায়, সে ব্যবস্থা করতে হবে। একটি নিরাপদ, সুন্দর, পরিবেশবান্ধব এবং নাগরিকদের বাসযোগ্য ঢাকা সিটি গড়ে উঠবে—এটাই আমাদের প্রত্যাশা।

ডিএসসিসি প্রশাসক বলেন, চার শতাধিক বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ রাজধানী ঢাকার সঙ্গে নাগরিকদের আত্মিক ও মমত্বের বন্ধন আরও দৃঢ় করা আজ সময়ের দাবি। নগরীর ইতিহাস-ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সঙ্গে পর্যাপ্ত পরিচিতি ও সম্পৃক্ততার অভাবে অনেকের মধ্যেই ঢাকার প্রতি কাঙ্ক্ষিত মমত্ববোধ ও দায়িত্বশীল নাগরিক চেতনা গড়ে ওঠেনি। এর প্রভাব পড়ছে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, ট্রাফিক শৃঙ্খলা, পরিবেশ সংরক্ষণসহ নাগরিক জীবনের নানা ক্ষেত্রে।

তিনি আরও বলেন, ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নাগরিকদের সামনে নতুনভাবে তুলে ধরার মাধ্যমে নগরের প্রতি ভালোবাসা, মমত্ববোধ এবং দায়িত্বশীলতার চেতনা জাগ্রত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। ‘আমার শহর, আমার দায়িত্ব’, এই উপলব্ধিকে নাগরিক জীবনের অংশ করে তুলে একটি পরিচ্ছন্ন, সবুজ, সচেতন ও বাসযোগ্য ‘ক্লিন সিটি গ্রিন সিটি’ গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম প্রত্যাশা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ